'আমরা ক্ষুব্ধ, আমরা ক্রুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিনিধিরা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিনিধিরা এ দাবি জানিয়েছেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং কয়েকজন পুরুষ সাংবাদিক সংহতি প্রকাশ করেন।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি। অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা ক্ষুব্ধ, আমরা ক্রুদ্ধ। আর মেনে নিতে পারছি না।’
নাসিমুন আরা হক বলেন, ধর্ষণের শিকার হওয়ার পর বিচার না পেয়ে ছোট মেয়েটিকে নিয়ে বাবা আত্মহত্যা করেছেন। ধর্ষকদের আইনের আওতায় আনতে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এই কেন্দ্রের সহসভাপতি দিল মনোয়ারা বলেন, বিচার নিরপেক্ষ না হলে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সম্ভব না হলে ধর্ষণের মতো অপরাধ দূর করা সম্ভব নয়।
এ সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা বলেন, ‘আমরা মা দিবস উদ্‌যাপন করতে পারছি না। মা ও মায়ের সন্তানকে ধর্ষণ করা হচ্ছে। যারা ধর্ষক, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তারা কীভাবে ধর্ষণ করে? খুবই বিস্ময়কর। অন্যদিকে যারা উদারপন্থী তারাও বলছে, মেয়ে দুটি রাতে হোটেলে গেল কেন? কেউ বলছে না ছেলেগুলো গেল কেন। এ ধরনের মানসিকতার পরিবর্তন না হলে ধর্ষণের মহাসমারোহ চলতেই থাকবে।’
পারভীন সুলতানা বলেন, বনানীর ঘটনায় এক ধর্ষকের বাবা দম্ভভরে বলছেন, এই বয়সের ছেলেরা একটু আধটু এমন করেই। তিনি নাকি নিজেও করেন। এই বাবা তাঁর অন্য অপকর্মগুলোর কথা বলছেন না। ধর্ষণের মতো ঘটনার কথা অকপটে বলছেন।
সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য শান্তা মারিয়া বলেন, দেশে প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটছে। বলা যায়, ধর্ষণের উৎসবে পরিণত হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, সংবিধানে লেখা আছে নারীরা রাতে হোটেলে যেতে পারবে না? কোথাও তো লেখা নেই, নারীরা বাইরে বের হলে তাকে ধর্ষণ করতে হবে।
শান্তা মারিয়া বলেন, ‘ধর্ষণের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। ধর্ষণ হচ্ছে নিজের ক্ষমতা দেখানো। সমাজ ও ন্যায়বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। বাংলাদেশ ধর্ষকের লীলাভূমি হবে, তা দেখতে চাই না।’
সাংবাদিক নেতা পুলক ঘটক বলেন, যৌনকর্মীর সঙ্গেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না। একইভাবে ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে তা-ও ধর্ষণ হবে। দেশে এ ধরনের শিক্ষার ঘাটতি আছে।