‘আমরা খুব আতঙ্কে আছি’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্তে ‘বিরোধপূর্ণ’ জায়গায় বসবাসকারী আদিবাসী খাসিয়াপল্লির ৪৫টি পরিবার তাঁদের বসতভিটা এবং জীবিকার একমাত্র উৎস পানজুম হারানোর আতঙ্কে এখন দিন কাটাচ্ছে। ‘বিরোধপূর্ণ’ ওই জায়গাটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের দখলে আছে। সম্প্রতি সেখানে নিজেদের সীমানা চিহ্নিত করতে বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ জরিপকাজ শুরু হওয়ায় আদিবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও জরিপ-সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর মূল সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি (সাব-পিলার) থেকে ১৩৭৪ নম্বর মূল খুঁটির ১ নম্বর উপখুঁটি পর্যন্ত বেশ কিছু জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ আছে। দীর্ঘদিন পর গত ৮ ডিসেম্বর থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জায়গায় জরিপকাজ শুরু হয়। ২৬ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে জরিপের খসড়া ফলাফল নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হবে। পরে ফলাফলের প্রতিবেদন উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।সরেজমিন গত বৃহস্পতিবার দুপুরে পাল্লাতল খাসিয়াপল্লিতে গিয়ে জানা যায়, দেড় শ বছর ধরে এই পল্লিতে খাসিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করছে। বর্তমানে সেখানে ৪৫টি পরিবারের প্রায় ৩০০ লোক আছে। পান চাষ করে তাদের জীবিকা চলে। ঘুরে দেখা যায়, সীমান্তখুঁটি থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। এর ভেতরে খাসিয়াদের বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা এবং পানজুম রয়েছে।পল্লিপ্রধান (হেডম্যান) লুকাস বাহাদুর (৫০) জানান, এর আগে কোনো দিন সীমান্তে জরিপ হতে তিনি দেখেননি। তবে বছর দুয়েক আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা কয়েক দফা এ জায়গায় ঢুকে পান চাষে লোকজনকে বাধা দেন। পানজুমে কাজ করার সময় তাঁরা কয়েকজন খাসিয়া যুবককে ধরে নিয়ে ওপারের ক্যাম্পে আটকে নির্যাতনও চালান। পরে অবশ্য ওই যুবকেরা ছাড়া পান। তিনি জানান, সম্প্রতি মাপজোখকালে বিএসএফের কর্মকর্তারা তাঁদের সীমানায় কাউকে যেতে বারণ করে গেছেন। এরপর থেকে পল্লির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পল্লির বাসিন্দা ষাটোর্ধ্ব স্বপন সাংমা উদ্বেগের সঙ্গে তাঁদের ভাষায় বলেন, ‘ইআই ই তিকাজিং তিয়াং (আমরা খুব আতঙ্কে আছি)। নিকুয়া বাকা ছরকার বানআই কিনে কিজাকা ইয়াংয়ি (সরকার শুভ উদ্যোগ নিলে পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত এই জায়গাটা অন্য দেশের মালিকানায় চলে যাবে না বলে বিশ্বাস করি)।’ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের পাল্লাতল ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা নায়েক সুবেদার ইয়াছিন মোল্লা বলেন, ‘বিরোধপূর্ণ ওই জায়গাটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের দখলে। দুই দেশের যৌথ উদ্যোগে জরিপকাজ হয়েছে। জরিপের ফলাফল নিয়ে উভয় দেশের রাষ্ট্রীয় ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।’মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আদিবাসীদের উদ্বেগের বিষয়টি খুবই মানবিক। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিষয়টি আমরা লিখিতভাবে জানাব।’