>সিপাহীবাগের তিতাস রোড, আইসক্রিম গলি, একুশে রোড
‘মানুষের ময়লা, বাসাবাড়ির ময়লা, বৃষ্টির পানি—সবকিছু নিয়ে খুব ভালো আছি আমরা। দিনের পর দিন এভাবেই আছি। এগুলো কাউকে দেখতে হবে না। আমরা খুব ভালো আছি।’

নিজেদের দুরবস্থা নিয়ে এভাবেই পরিহাস করলেন খিলগাঁও সিপাহীবাগের মো. শাকিল। তিনি বলেন, বৃষ্টিতে পানি জমে বাসাবাড়িও সাগর হয়ে যায়। পানি আর সরে না। কয়েক জায়গায় বাসিন্দাদের নিজেদেরই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে কাজ করতে দেখা গেছে।
পয়োবর্জ্যের পানি আর বৃষ্টির পানি একাকার এই এলাকায়। ওয়াসার পাইপলাইন বসানোর কাজও চলছে। সেখানেও জমছে বৃষ্টির পানি। এলাকাবাসী বললেন, দুর্যোগের মধ্যে আছে খিলগাঁওয়ের সিপাহীবাগের মানুষ।
সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ড চৌরাস্তা থেকে পূর্ব দিকে দক্ষিণ বনশ্রী, পশ্চিমে হাজীপাড়া, উত্তরে গোড়ান এবং দক্ষিণে মেরাদিয়া বাজার এলাকা। এ মোড় থেকে পূর্ব দিকের একুশে রোড, নবীনবাগ রোড, তিতাস রোডের অনেক জায়গায় জলাবদ্ধতা আর খানাখন্দ ভরা রাস্তায় মানুষকে চলাচল করতে হচ্ছে। পানিতে ডুবে থাকা কয়েকটি গর্তে কাঠ বা লাঠি দিয়ে রাখা আছে।

রাস্তা খারাপের সঙ্গে জলাবদ্ধতা যুক্ত হয়ে এলাকায় ব্যবসা-বাণিজ্যেরও বারোটা বাজাচ্ছে বলে ক্ষোভ জানান এক দোকানি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘বৃষ্টির সময় দোকানপাটে পানি উঠে যায়। মানুষ আসতে পারে না, ব্যবসা চলে না। আর কত দিন এভাবে চলবে?’
মেরাদিয়া নয়াপাড়ার রাস্তায় মানুষের চলাচলের পথের কয়েকটি স্থানে আবর্জনা ফেলে রাখতে দেখা যায়। এ নিয়ে এলাকার বাসিন্দা আবুল মিয়া বলেন, হঠাৎ করেই কয়েক মাস ধরে এখানে আবর্জনা ফেলে রাখা শুরু হয়েছে। কিন্তু আর পরিষ্কার করা হচ্ছে না।
সিপাহীবাগ চৌরাস্তা থেকে মেরাদিয়া বাজারের রাস্তায় ওয়াসার পাইপলাইন লাগানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘ছয় মাস ধরে পাইপ বসানোর কাজ চলছে। আরও কত দিন লাগবে তার কোনো সঠিক হিসাব আমরা জানি না। আমাদের এইভাবে বাঁচতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এলাকায় আসেন না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাকসুদ হোসেন মহসিন এই অভিযোগের বিষয়ে বলেন, ‘কেবল এই এলাকাতেই নয়, সারা ঢাকাতেই রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এ কারণে রাস্তার অবস্থা খারাপ।’ তবে রাস্তার ভোগান্তি নিয়ে এলাকার কোনো মানুষ তাঁর কাছে অভিযোগ করেনি বলে দাবি করে তিনি বলেন, ‘অভিযোগ পেলে দ্রুত কাজ করব।’ অভিযোগ না পেলে? এর জবাব আর মেলে না।
এলাকার লোকজনকে দেখা যায়, জলাবদ্ধতা থেকে বাঁচতে সাময়িকভাবে নিজেরাই কাজে হাত লাগাচ্ছেন। গোড়ান আদর্শবাগ মোড়ে সাইফুল ইসলামের বাড়ি। তিনি তাঁর বাসার সামনের রাস্তায় জমে থাকা পানি সরাতে একটি লোহার রড় দিয়ে ভাঙা স্ল্যাব সরাচ্ছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন এলাকার আরও কয়েকজন। তাঁরা বলেন, ভাঙা স্ল্যাবটার কারণে নালার পানি রাস্তায় আটকে থাকছে। এ কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
কিছু দূর সামনে তিতাস রোডে সিপাহীবাগ জামে মসজিদের খাদেম মাসুম বিল্লাহ ম্যানহোলের ঢাকনার মুখ থেকে আবর্জনা সরিয়ে দিচ্ছিলেন। তিনি বলেন, এ রাস্তার পানি যাতে দ্রুত সরে যায়, এ জন্য তিনি ঢাকনাটা পরিষ্কার করে দিচ্ছেন।