'আমরা খুব ভয়ে থাকি'
পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানোর দায়ে মো. জালাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জালালের বাড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি গ্রামে। তিনি কৃষিকাজ করেন।
পুলিশ জানায়, জালাল গতকাল তাঁর পরিবারের সদস্যদের মারধর করতে থাকেন। এ সময় জালালের বাবা, স্ত্রী ও সন্তানেরা থানায় এসে অভিযোগ করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ জালালকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।
জালালের বাবা মো. সাইফুদ্দিন (৬০) বলেন, ‘আমার ছেলে আমাকে সাতবার মারধর করেছে। আমাকে মেরে ফেলার জন্য রোববার রাতে ও সোমবার সকালেও দা নিয়ে তাড়া করেছে। আমার ছেলে তার স্ত্রী ও সন্তানদেরও প্রতিনিয়ত মারধর করে। আজকে নিরুপায় হয়ে থানায় এসেছি।’
জালাল উদ্দিনের স্ত্রী নূর জাহান (২৮) বলেন, ‘বিয়ের পর থেকে স্বামীর নির্যাতন সহ্য করে আসছি। আট মাস আগে আমার তিন সন্তানকে মেরে ফেলার জন্য ভাতের সঙ্গে বিষ পর্যন্ত মিশিয়ে দিয়েছিল সে।’
জালালের স্কুলপড়ুয়া ছেলে বলে, ‘মাকেসহ আমাদের সব সময় মারধর করে বাবা। আমার দাদাকেও মারধর করে। আমরা খুব ভয়ে থাকি।’
বেতছড়ি গ্রামের বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘আমরা অনেকবার সালিসি বৈঠক করে জালালকে সাবধান করেছি। কিন্তু তারপরও পরিবারের সদস্যদের নির্যাতন করত সে।’