‘আমরা খুশি, তাই শহীদ মিনারে ফুল দিয়েছি’
‘আমরা স্কুলে বাংলার সঙ্গে মারমা ভাষায়ও পড়ছি, লিখছি বলে খুবই খুশি, তাই আমরা শহীদ মিনারে ফুল দিয়েছি।’ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেক্ষ্যংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আদিবাসী থোয়াইসিং মারমা গত সোমবার শহীদ মিনারে ফুল দেওয়ার কথা জানিয়েছে এভাবেই। মারমা আদিবাসী-অধ্যুষিত বেক্ষ্যংপাড়ার এই বিদ্যালয়ের অন্য শিশুরাও তার মতো খুশি। কারণ, তারা বিদ্যালয়ের পাশে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। শিক্ষকেরা এ কাজে তাদের সহযোগিতা করেছেন। চতুর্থ শ্রেণীর ছাত্রী ডসোয়ে মারমা জানায়, তারা প্রতিবছর ২১ ফেব্রুয়ারির আগের দিন শহীদ মিনার তৈরি করে। মধ্যরাতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে সেখানে ফুল দেয়। জানতে চাইলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ক্যচিংথোয়াই বলে, ‘ভাষা রক্ষার জন্য বড়রা জীবন দিয়েছে। স্রা (স্যার) বলেছেন তাঁরা (শহীদ) ভালো কাজ করেছেন বলে এখন বাংলার সঙ্গে আমরা মারমা ভাষায়ও বিদ্যালয়ে পড়তে ও লিখতে পারি। এতে আমার খুবই ভালো লাগে।’ অন্যরাও তার কথায় সায় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সা-অং মারমা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলার পাশাপাশি শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষা মারমায় পাঠদান করা হয়।