দুর্ঘটনার জন্য শুধু চালকেরা দায়ী নয় উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমরা ঘাতকও নই, খান সেনাও নই। আমরা জাতির সেবক। পরিবহনশ্রমিকদের শত্রু হিসেবে নয়, সেবক হিসেবে চিহ্নিত করা উচিত।’ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার ‘দেশের যাতায়াতব্যবস্থা: সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নৌমন্ত্রী এসব কথা বলেন। এর আয়োজন করে মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদা। তবে দেশের সড়কব্যবস্থার বেশির ভাগ যোগাযোগ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হলেও এ দুই মন্ত্রণালয়ের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি। নাজমুল হুদা ও শাজাহান খান দুজনেই তাঁদের বক্তব্যে পরস্পরের প্রশংসা করেন। শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরও কার্যকর সভাপতি।শাজাহান খান বলেন, ‘সম্প্রতি এক কলাম লেখক লিখেছেন—হুঁশিয়ার, খান সেনারা এখন রাস্তায়। এখন গেরিলা থাকলে তাঁদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এটা অর্বাচীনের মতো বক্তব্য হয়েছে।’ তিনি বলেন, ‘অনেকেই বলেন, সার্টিফিকেটওয়ালা ড্রাইভার দরকার। আমি বলি, আপনারা আসেন না কেন ড্রাইভিং পেশায়।’নৌমন্ত্রী বলেন, সারা দেশে ৩০ লাখ পরিবহনশ্রমিক আছে। তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকদের এভাবে মুখোমুখি দাঁড় করানো হলে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় কে নেবে? তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মানুষ এখন অনেক শিক্ষিত। চালকেরা এসএমএস করতে পারেন, মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। ব্রিটেনের চালকদেরও ছবির মাধ্যমে সাইন শেখানো হয়।নাজমুল হুদার প্রশংসা করে শাজাহান খান বলেন, ‘নাজমুল হুদার কথা শুনেই আমি আগ্রহ নিয়ে এ আলোচনায় এসেছি। তিনি সত্য কথা বলেন।’নাজমুল হুদা বলেন, ‘আমি মন্ত্রী থাকাকালে শাজাহান খান আমার সব কাজে সহযোগিতা দিয়েছিলেন। পাঁচ বছরে একবারও পরিবহন ধর্মঘট হয়নি। এখন আমি তাঁকে সহযোগিতা করতে প্রস্তুত।’ নাজমুল হুদা বলেন, তিনি মন্ত্রী থাকাকালে নিয়মিত মেরামতের কারণে রাস্তাঘাট ভালো ছিল। কিন্তু বর্তমান যোগাযোগমন্ত্রী অতি উৎসাহী হয়ে পদ্মা সেতু ও উড়ালসড়কে বেশি মনোযোগ দিয়েছেন। সড়ক মেরামতে মনোযোগ দেননি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি সারোয়ার জাহান বলেন, ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ হয়নি। ফলে যানজট বেড়ে গেছে। মূল প্রবন্ধ উপস্থাপন করে বেসরকারি সংস্থা ডব্লিউবিবি ট্রাস্টের কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহারের সিদ্ধান্ত যানজটের জন্য দায়ী। আলোচনায় সভাপতিত্ব করেন মেডের চেয়ারম্যান মাহবুব উল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।