'আমরা ছোট আমাদের মারবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা শিশু। আমাদের কেন পেট্রলবোমা মারা হবে? আমরা কেন স্কুলে যেতে পারব না? আমরা কেন পরীক্ষা দিতে পারব না? আমাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আমাদের বাঁচতে দিন। আমরা ছোট, আমাদের মারবেন না।’
পেট্রলবোমা হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে দশম শ্রেণির ছাত্রী সাজনিন তাসনিন আলিশা এসব কথা বলে। সে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পেট্রলবোমা মেরে মানুষ হত্যাকারীদের রুখে দাঁড়ানোর সময় এসেছে। যেখানে এদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে। এরা দেশ ও জাতির শত্রু।
বক্তারা আরও বলেন, জনগণের পাশাপাশি সরকারকেও বোমা হামলাকারীদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারতে পারে, তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না।
খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সহসভাপতি অজিত আইচ, জীনবোধি ভিক্ষু, নারীনেত্রী নূরজাহান খান, সাংবাদিক এম নাসিরুল হক, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রদীপ দেওয়ানজি, রুবেল দাশ প্রমুখ বক্তব্য দেন।