'আমরা জঙ্গিবাদ ঘৃণা করি'
সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল রোববার বরিশাল ও রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। বরিশালে মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমরা জঙ্গিবাদ ঘৃণা করি, জঙ্গিবাদকে না বলুন’ স্লোগান লেখা প্ল্যাকার্ড ব্যবহার করে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা ‘সন্ত্রাসকে না বলুন, দেশকে রক্ষা করুন, জঙ্গিবাদের জায়গা বাংলাদেশে নয়, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান’সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে।
রূপাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন বলেন, ‘বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই সম্প্রীতি বিনষ্ট করার জন্যই জঙ্গিবাদের উত্থান। আমাদের সন্তান শিক্ষার্থীদের রক্ষা করতেই হবে। আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে ছিলাম, আছি এবং থাকতে চাই।’
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার ও হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান তানিয়া সুলতানা। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত রাখার জন্য মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান।