‘আমরা তাঁদের খুবই মিস করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি বিষয়ের চূড়ান্ত পরীক্ষা ছিল গতকাল শনিবার। এ পরীক্ষা দিতে শ্রেণীকক্ষে ঢুকছিলেন ইকবাল মাহমুদ। সহপাঠী প্রসঙ্গ তুলতেই ইকবাল বলেন, ‘প্রায় পরীক্ষার সময়ই ওরা আমার পাশে বসত। হত্যা না করা হলে আজকেও হয়তো তারা আমার সঙ্গে পরীক্ষা দিত। আমরা তাদের খুবই মিস করি।’ গত প্রায় এক বছর ইকবালের মতো সহপাঠীরা যাদের ‘মিস করি’ বলে জানালেন, তারা একই বিভাগের শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনীক ও খায়রুল কবীর। গত বছরের ১৬ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হন। পরদিন ১৭ ডিসেম্বর নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন বিজয় দিবসে বিজয় উৎসব চলছিল। বিকেলে সহপাঠী কয়েকজনকে নিয়ে সূর্যাস্ত দেখতে চেঙ্গেরখালে গিয়েছিলেন অনীক ও খায়রুল। তাঁদের বহনকারী নৌকায় দুর্বৃত্তদের হামলার বিষয়টি রাতে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। অনীক ও খায়রুলের কোনো খোঁজ না পেয়ে রাতজুড়ে ছিল উৎকণ্ঠা। চেঙ্গেরখালে নদীর তীরে পুরো রাত কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ভোরে নদীর তীরে দুজনের মরদেহ উদ্ধার করার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। শুরুতে দুর্বৃত্তরা অজ্ঞাত থাকলেও পরে গ্রেপ্তার হওয়া নৌকার মাঝি গুলজার আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। হত্যাকারী শনাক্ত হলে এলাকাবাসী অভিযুক্ত ১০ জনকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে সিলেটের বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন প্রক্রিয়াধীন। দীপঙ্কর ও খায়রুল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। গতকাল দুপুরে ওই বিভাগে গিয়ে দেখা গেল তাঁদের সহপাঠী সবার চোখে-মুখে এখনো শোকাতর ভাব। সহপাঠী ফরহাদ আহমদ বলেন, ‘হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো কিছুটা সান্ত্বনা পাব।’ কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের প্রধান আখতারুল ইসলাম বলেন, অনীক ও খায়রুলের সঞ্চৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’-এর সামনে অনীক-খায়রুল চত্বর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এর উদ্বোধন করা হবে। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ায় কাল সোমবার বিশ্ববিদ্যালয়ে শোক-শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জানিয়ে ওই বিভাগের শিক্ষক নিলয় চন্দ্র সরকার বলেন, আজ রোববার সকালে বিশেষ প্রার্থনা ও জোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল হবে। আদালতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নৌকার মাঝি গুলজারসহ চারজন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে মুক্ত রয়েছেন। তবে আসামিদের জামিনে থাকা বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শাহ মোসাহিদ আলী প্রথম আলোকে বলেন, জানুয়ারিতে আদালতে অভিযোগ গঠনের দিনক্ষণ ধার্য হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন হলে বিচার প্রক্রিয়া শুরু হবে।