‘আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকায় ৩০টি অসহায় জেলে পরিবারের দেড় শতাধিক সদস্য মাথা গোঁজার স্থায়ী ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘জেলেপল্লি আবাসন প্রকল্প-২’-এর আওতায় উপজেলার দক্ষিণ ধুরুং মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৯৪ শতক জমির ওপর একতলাবিশিষ্ট ছয়টি পাকা দালান (প্রতিটিতে পাঁচটি পরিবার) নির্মাণ করে তা ৩০টি অসহায় জেলে পরিবারে হস্তান্তর করা হয়।আবাসন প্রকল্পের সুবিধাভোগী স্থানীয় প্রমতী বালা জলদাস (৪৫) বলেন, ‘২০০৭ সালের ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ভেঙে তাঁর বসতবাড়ি সাগরে বিলীন হয়েছে। এর পর থেকে ভাঙা বেড়িবাঁধের পাশে ঝুপড়িঘর বেঁধে কোনো রকমে ছেলেমেয়ে নিয়ে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাঁচার জন্য স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব।’কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ বলেন, গত বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ৩০টি অসহায় জেলে পরিবারের সদস্যদের মধ্যে ৩০টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপকূলের ভূমিহীন হতদরিদ্র জেলেদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অর্থায়নে এই ‘জেলেপল্লি আবাসন প্রকল্প-২’ নির্মাণ করা হয়েছে।