'আমরা তো কোনো দল করি না, আমরারে মারে কেন?'
‘তারা দুই দল সামনাসামনি যুদ্ধ করুক। আমরা তো কোনো দল করি না। আমরারে মারে কেন?’
পেট্রলবোমায় দগ্ধ হয়ে এক মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইজিবাইকচালক সিদ্দিকুর রহমানের মা ফিরোজা বেগম এসব কথা বলেন।
ফিরোজা বেগম বলেন, গত ৫ জানুয়ারি ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড়ে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে তাঁর ছেলে বার্ন ইউনিটে ভর্তি হন। বর্তমানে ১১ সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। তাঁর ছেলেটাই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি।
ছেলে দগ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি আর্থিক সহযোগিতা দিলেও ওই টাকায় চিকিৎসাই চালানো কঠিন। তার ওপর রয়েছে সংসার চলানোর খরচ। পুরো পরিবার এখন বিপর্যস্ত। কয়েক দিন আগে ছেলেটির বৃদ্ধ বাবা ইদ্রিস আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও টাকার আভাবে তাঁর চিকিৎসা করানো সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের কাশর এলাকায় সিদ্দিকের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। ছোটো ভাই আবদুল মালেক বলেন, ‘শুরু থেকেই আমি ঢাকা-ময়মনসিংহে যাতায়াতের মধ্যে আছি। বাসে-ট্রেনে প্রতিদিনই যেভাবে পেট্রলবোমা ছোড়া হচ্ছে, নিজের জীবনও এখন ঝুঁকিপূর্ণ মনে হয়।’ তিনি আরও বলেন, সিদ্দিকুরের অবস্থা এখনো খুব একটা ভালো না। কবে পুরোপুরি সুস্থ হবেন তার ঠিক নেই।
তিন ভাইয়ের মধ্যে মালেক ও সিদ্দিকুরই ইজিবাইক চালিয়ে ১১ সদস্যের পরিবার চালাতেন। ৫ জানুয়ারির পর থেকে সংসারের চাকা যেন থেমে গেছে। ধার-দেনা করে টাকা নিয়ে ঢাকায় চিকিৎসাধীন সিদ্দিকুরের কাছে যাওয়া-আসা করতে হওয়ায় তিনিও নিয়মিত কাজ করতে পারছেন না বলে জানান মালেক।
ফিরোজা বেগম বলেন, ঢাকার হাসপাতালে সিদ্দিকুরের পাশে তাঁর স্ত্রী আছেন।
এ দম্পতির বড় মেয়ে সানজিদা রহমান (১০) কিছুটা বুঝলেও ছেলে সামিউল ইসলাম (৪) ও সাজিদুল ইসলাম (৩) প্রায়ই বাবা আর মায়ের জন্য কান্নাকাটি করে। ফিরোজা বেগম চোখের পানি মুছে বলেন, রাজনৈতিক দলগুলো যেন আর কোনো মানুষকে এভাবে না পোড়ায়। আর কোনো শিশুর বাবাকে যেন এভাবে মৃত্যুর সঙ্গে লড়তে না হয়।