'আমরা তো গোল্ডফিশ'
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. আসাদুজ্জামান শুভ। বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা তুলতেই তিনি বলে ওঠেন, ‘আমরা তো গোল্ডফিশ। সবই ভাই আইওয়াশ। কিছুদিন খুব ছোটাছুটি হবে। তারপর সবাই ভুলে যাবে।’
গত ১৭ জুলাই বগুড়ার শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার ক্যাডার দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বগুড়ার এই প্রভাবশালী নেতা শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি, বিষয়টি ধামাচাপা দিতে দলীয় ক্যাডার ও এক নারী কাউন্সিলরকে ধর্ষণের শিকার মেয়েটির পেছনে লেলিয়ে দেন। শুক্রবার বিকেলে তাঁরা কিশোরী ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালান। এরপর দুজনেরই মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার রাতে শ্রমিক লীগ নেতা তুফান সরকার, তাঁর স্ত্রী আশা সরকার, আশা সরকারের বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তারসহ ১০ জনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুটি মামলা করেছেন। পুলিশ শুক্রবার রাতেই তুফান সরকার ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে। আর অসুস্থ মা-মেয়েকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. আসাদুজ্জামান শুভ বলেন, ‘ঘটনা তো কম ঘটল না। তনু, বনানীর ঘটনা আর এখন বগুড়া। মাঝেমধ্যে বোঝাই যায় না ভিকটিম কে! কারণ ভিকটিমের চেয়ে অপরাধীদের দৌড়ঝাঁপই বেশি চোখে পড়ে এবং একসময় তাঁরা ছাড়াও পেয়ে যান। বিচার তো দেখছি না।’ পুলিশ ও প্রশাসনের পাশাপাশি এর জন্য আইনের শাসনের অভাবকেও দায়ী করেন তিনি।
এদিকে ওই ছাত্রীকে ধর্ষণ এবং তাঁর মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনায়েতুর রহমান মনে করেন, এই তদন্তে কাজের কাজ কিছুই হবে না। তিনি বলেন, ‘এই দেশে পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই চুপ হয়ে যায়। রাজনৈতিক দলগুলোর করা তদন্ত তো আগেও দেখেছি। রাজনীতিতে এখন দুই নম্বরি বেড়ে গেছে। পত্রিকাতেই তো পড়লাম যে ক্ষমতা আর অর্থ দিয়ে এত দিন নানা অপকর্ম করেও দলীয় নেতাদের সমর্থনে বেঁচে গেছেন তিনি। এবারও যে তা হবে না, তার নিশ্চয়তা কি?’
এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই নির্যাতিত মেয়েটি ও তাঁর মায়ের স্পষ্ট ছবি শেয়ার করছেন। একে ‘কাণ্ডজ্ঞানহীন’ উল্লেখ করে সংবাদকর্মী ফাহিমা কানিজ লাভা বলেন, ‘আইন না মেনে এমন স্পষ্ট ছবি প্রকাশ করায় ভুক্তভোগী ওই পরিবারটি আরও ক্ষতির মুখে পড়ল। যাঁরা এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন, তাঁদের এ ব্যাপারে আরও সচেতন ও সতর্ক হওয়া দরকার।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফারিয়া আহমেদ। নির্যাতিত মেয়েটি ও তাঁর মায়ের ওপর তুফান সরকারের স্ত্রী ও বড় বোনের নির্যাতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এই সমাজে পুরুষের জোরটাই বেশি। তাঁরা নারীদের দমিয়ে রাখতে চায়। আর এমন সমাজে থাকতে থাকতে একজন নারীও একসময় পুরুষতন্ত্রের সহযোগী হয়ে ওঠে। এতে নারীদের ক্ষতিই বেশি হয়। দেশে এখন সেটাই হচ্ছে।’