‘আমরা নামমাত্র কলেজে আসি-যাই’
‘বেশির ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখন পাঁচজনের বেশি। সেখানে আমাদের কলেজে শিক্ষক আছেন মাত্র চারজন। আমরা নামমাত্র কলেজে আসি-যাই। প্রতিদিন গড়ে এক-দুটির বেশি ক্লাস হয় না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিল নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র মামুনুর রশীদ। মামুনের ভাষ্যমতে, ‘শিক্ষক-সংকটের কারণে ক্লাস কম হওয়ায় কলেজটির উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থীর বেশির ভাগই নিয়মিত কলেজে আসে না।’কয়েক দিন আগে সকাল সাড়ে ১০টায় একাদশ শ্রেণীর একটি শ্রেণীকক্ষে গিয়ে কোনো ছাত্রের দেখা মেলেনি। ছিল ১৪-১৫ জন ছাত্রী। তারা জানায়, নিয়মিত ক্লাস হয় না বলে ছাত্রদের অনেকেই ঠিকমতো কলেজেও আসে না। স্নাতক প্রথম বর্ষের ছাত্রী উম্মে রোমান জানান, ‘এক বছরের বেশি হলো আমি ভর্তি হয়েছি। এর মধ্যে ক্লাস হয়েছে হাতে গোনা কয়েক দিন।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজটিতে এক বছরের বেশি সময় ধরে অধ্যক্ষের পদ শূন্য। দায়িত্বে আছেন উপাধ্যক্ষ। সহকারী অধ্যাপকের একটি ও প্রভাষকের ১৬টি পদের মধ্যে আছেন মাত্র ছয়জন। এর মধ্যে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রসায়ন, পদার্থবিদ্যার সাতটি পদের সবকটি শূন্য। এ ছাড়া উদ্ভিদবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ে একজন করে শিক্ষক থাকলেও তাঁরা দুই মাসের প্রশিক্ষণে গেছেন এক মাস আগে। বাকি চারজন শিক্ষকের এক-দুজন ছুটি বা ব্যক্তিগত কারণে মাঝেমধ্যে অনুপস্থিত থাকেন। এ ছাড়া রয়েছে কর্মচারী-সংকটও। লাব্রেরিয়ান, প্রধান সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারী, এমএলএসএসের ছয়টি পদই শূন্য কয়েক বছর ধরে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল জলিল জানান, শিক্ষক ও কর্মচারী সংকটের কারণে কলেজের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে শিক্ষক-সংকটের কারণে বর্তমানে পাঠদানই বন্ধের উপক্রম হয়েছে।