‘আমরা পুরান শহরের বাসিন্দা বালবাচ্চা লইয়া ইফতার করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের পরপরই পুরান ঢাকার আমলীগোলার সব দোকান বন্ধ হয়ে গেল। লালবাগ কেল্লার পথ ধরে এগিয়ে নবাবগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় গোটা বাজারই বন্ধ। দ্বিতীয় রোজার এই বিকেলে নবাবগঞ্জ থেকে ফিরে চৌধুরীবাজার, সুবল দাস রোড ও শেখ সাহেব বাজারের রাস্তাও ফাঁকা পাওয়া গেল। একটু পরপর শুধু শরবতের দোকান।মধ্যরাত পর্যন্ত কোলাহল থাকে যে পুরান ঢাকায়, সেখানকার সড়কগুলো এমন ফাঁকা কেন? দোকানগুলোও বা কেন বন্ধ? জানতে চাইলে শেখ সাহেব বাজারের বাসিন্দা আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরান শহরের বাসিন্দা। এইটা আমগো স্বভাব। গরিব, ধনী যার কথাই কন, সমস্যা না অইলে হক্কোলে বাসায় চইলা যাই। বাল-বাচ্চা লইয়া ইফতার করি।’খোঁজ নিয়ে জানা গেল, বিকেলের আগেই পুরান ঢাকার ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকসহ সবাই নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরে যান। সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করেন। দিনের পর দিন এই প্রথাই পালন করে আসছেন পুরান ঢাকাবাসী। আর বাসায় গৃহিণীরা নিজ হাতে ইফতার তৈরি করেন। আবার গৃহকর্তারা বাইরে থেকেও মজাদার ইফতার কিনে নিয়ে যান বাসায়। এভাবেই ঘরে ও বাইরের ইফতার নিয়ে সবাই একসঙ্গে মিলে ইফতার করাটাই যেন প্রথায় পরিণত হয়েছে।আবার চৌধুরীবাজারের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন ও মোহাম্মদ মজিবুর রহমানের বাসায় গিয়ে মজাদার ইফতারির পসরা দেখা যায়। স্থানীয় এই বাসিন্দাদের আপ্যায়নে একই সঙ্গে ইফতার করার সুযোগে কথা হয় এই আয়োজন নিয়ে। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমগো ইফতারে একটা খানদানি ব্যাপার আছে। আপনি খাইলেই বুঝবেন।’ ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়’ নামের এই বিশেষ খাবারটি পুরান ঢাকাবাসীর ইফতারিতে খানদানের পরিচয় বহন করে। কাশ্মেরীটোলা লেনের ১২/৩ নম্বরের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘চকে যাইয়া দুপুরে দুই কেজি লইয়া আইছি। নিজেও রাকছি। আরও তিনডা বাসায় দিছি।’মোয়াজ্জেম হোসেনের মতো অন্য অনেকেই বাইরে থেকে মজাদার খাবার নিয়ে প্রতিবেশীদের মধ্যে সেই খাবার বিতরণ করার রেওয়াজও অত্যন্ত সুখকর বলে জানালেন মজিবুর রহমান। প্রতিবেশী ফারুখ হোসেন জানান, ‘এইডা প্রতিবেশীগো লগে ভাব বাড়াইয়া দেয়। দেখেন সবাই মিলা এই যে ভাব এইটাই আসল। এইটাই থাকবো। আর তো কিচ্ছু থাকবো না।’জানা গেল, এভাবেই পুরান ঢাকায় প্রতিবেশীদের মধ্যে ইফতারির খাবার বিনিময়, সদ্ভাব ও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর এ জন্যই হয়তো ঐতিহ্যপ্রিয় পুরান ঢাকাবাসীর ইফতারে প্রতিনিয়তই থাকে প্রতিটি দেড়-দুই কেজি ওজনের বিশাল আকৃতির শাহি জিলাপি, সামি কাবাব, সুতি কাবাব, শাহি কাবাবসহ হরেক রকমের কাবাব। ইফতারির বাহারি আয়োজনে নিমাকপারা, প্লেন ও টানা পরাটা, দইবড়া, হালিমসহ নানা মজাদার খাবার।