'আমরা বাঁচমু ক্যামনে?'
‘গত মাসে আমার বউ একটা এনজিও থাইক্যা তিন হাজার টাকা লোন করছিল। তাই দিয়াই হরতাল-অবরোধের মধ্যে এই কয় দিন চলছি। এই মাসের প্রায় অর্ধেক সময় অবরোধ থাকায় ঢাকা থাইক্যা রড-সিমেন্টের ট্রাক আসে নাই। তাই আমগরও কোনো কামাই হয় নাই। অহন আইজ থাইক্যা আবার তিন দিনের অবরোধ দিছে। আবার ট্রাক আইবো না, আমগর কোনো কামাইও হইবো না। এইভাবে চললে আমরা বাঁচমু ক্যামনে?’
১৮ দলের ডাকা চতুর্থ দফা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার দুপুরে কথাগুলো বলছিলেন দিনমজুর মো. আবুল কালাম। তিনি শেরপুর জেলা শহরের মুন্সি বাজারের একটি রড-সিমেন্টের দোকানে শ্রমিকের কাজ করেন।
তিনি বলেন, সারা দিন কাজ করে যে মজুরি পান, তা দিয়েই কোনোমতে চারজনের সংসার চালান তিনি। স্বাভাবিক দিনগুলোতে দুই থেকে ৩০০ টাকা মজুরি পেলেও হরতাল-অবরোধের দিনে কোনো মজুরি পান না তিনি।
সকালে শেরপুর স্টেডিয়ামে অবস্থিত সবজির পাইকারি বাজারে কথা হয় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের টিকারচর গ্রামের কৃষক আলিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, চলতি মৌসুমে প্রায় অর্ধ একর জমিতে ফুলকপিসহ বিভিন্ন সবজির আবাদ করেছেন তিনি। মৌসুমের শুরুতে প্রতি কেজি ফুলকপি ৪০ টাকা দামে বিক্রি করেছিলেন। এতে বেশ লাভও হচ্ছিল। কিন্তু দেড় মাস ধরে হরতাল-অবরোধের কারণে শেরপুর থেকে পাইকারেরা ঢাকায় সবজি নিয়ে যেতে পারছেন না। তাই স্থানীয় বাজারেই মাত্র ১৫ টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তিনি। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
শেরপুর-সানন্দবাড়ি সড়কে চলাচলকারী বাসের চালকের সহকারী হিসেবে কাজ করেন শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর এলাকার বাসিন্দা আনসার আলী। অবরোধের কারণে বাস চলাচল বন্ধ থাকায় শেরপুর পৌর বাসটার্মিনালে বসে অলস সময় কাটাচ্ছিলেন তিনি। তিনি বলেন, ‘হরতাল আর অবরোধে গত দেড় মাসে ১৮ দিন গাড়ি চলে নাই। অহন আবার তিন দিনের অবরোধ চলতাছে। গাড়ি বন্ধ থাকলে মালিক তো খোরাকির টাকা দেয় না। অহন জমানো টাকা দিয়া কোনোমতে দিন কাটাইতাছি। সামনের মাসে পোলারে ইস্কুলে ভর্তি করাইতে টাকা লাগব। এইভাবে চললে জমানো টাকাও শেষ হইয়া যাইবো। তহন পোলারে ভর্তি করামু কেমনে? আমরা আর হরতাল-অবরোধ চাই না।’
শেরপুর শহরের পরিবহন মালিক তাপস রায় বলেন, গাড়ি কিনতে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে তাঁর। এভাবে দিনের পর দিন গাড়ি বন্ধ থাকলে ব্যাংকের ঋণ শোধ করবেন কীভাবে সেটা নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন।
শহরের কান্দাপাড়া এলাকার ইউনাইটেড চালকলের শ্রমিক শ্যামলী রানী বলেন, ‘হরতাল বইল্যা গাড়ি চলে না। বাইর থাইক্যা পাইকারেরাও চাল কিনবার আহে না। তাই মালিক মিল বন্ধ রাখছে। কাম নাই, আইজ তো মালিক আমগর বেতন দিব না। পোলাপান নিয়া কেমনে বাঁচমু?’
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মো. কিবরিয়া বলেন, হরতাল-অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ীরা আজ বাধ্য হয়ে পথে নেমে এসেছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাঁরা সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসার দাবি জানাচ্ছেন।