'আমরা ভাত খামু কই থিকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রত্যেক দিন পানি, কলা, রুটি বেইচা মা-বোনেরে নিয়া চাইড্ডা ভাত খাই। এমনে হরতাল অইলে আমাগো না খাইয়া থাকোন লাগব। আমাগো তো কেউ ভাত দিয়া যাইব না। আমরা ভাত খামু কই থিকা।’
এভাবে কষ্টের কথা বলছিল মাদারীপুরের শিবচর উপজেলার ফেরিঘাটের হকার সোনা মিয়া (৯)। মা, বোনসহ তাদের পরিবারে সদস্য তিনজন। ফেরি করে প্রতিদিন আয় হয় ১০০-১৫০ টাকা; যা দিয়ে চলে সংসার। কিন্তু টানা ৬০ ঘণ্টার হরতালে দিশেহারা হয়ে পড়েছে শিশু সোনা মিয়া। শুধু সোনা মিয়াই নয়, তার মতো দিশেহারা ও হতাশ ঘাটের কলা বিক্রেতা রব, পানি বিক্রেতা আমেনা, রওশন আরাসহ প্রায় ১০০ হকার।
দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘাটের পানি বিক্রেতা তৃতীয় শ্রেণীর ছাত্রী রাজিয়া বলে, স্কুলে যাওয়ার ফাঁকে ফাঁকে ঘাটে পানি বিক্রি করে সে। আর তার মা ঘাট এলাকার একটি হোটেলে পানি দেন। দুজনের আয়ের টাকায় সংসার চলে; রাজিয়ার বাবার ওষুধের সংস্থান হয়। কিন্তু হরতালের কারণে হোটেল বন্ধ থাকায় মায়ের আয় নেই। তার পানি বিক্রিও বন্ধ। রাজিয়া বলে, ‘এভাবে চললে আমাদের মতো মানুষের না খেয়ে মরতে হবে।’
ঘাটে গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হকাররা অলস সময় কাটাচ্ছেন। ঘাটের সাতটি ফেরিসহ বেশির ভাগ লঞ্চ ও স্পিডবোট নোঙর করা আছে। ঘাট থেকে বেলা দুইটা পর্যন্ত চারটি ফেরি এবং চারটি লঞ্চ মাওয়ার উদ্দেশে ছেড়ে গেছে। বিআইডাব্লিউটিসি কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ সালাম বলেন, হরতালের কারণে দক্ষিণাঞ্চলের গাড়ি না আসায় বেশির ভাগ ফেরি ঘাটে পড়ে আছে।