'আমরা ভিক্ষা চাই না ক্ষতিপূরণ চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে গতকাল সোমবার বিক্ষোভ-সমাবেশ করেছেন ওই দুর্ঘটনায় আহত শ্রমিক ও হতাহত ব্যক্তিদের স্বজনেরা। সমাবেশে তাঁরা সরকারের কাছে কোনো করুণা নয়, বরং তাঁদের প্রাপ্য ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেন।
দুর্ঘটনায় নিখোঁজ থাকা শ্রমিকদের নিহত বলে ঘোষণা ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নামের একটি সংগঠন।
শাহীদা বেগম রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। কাজের সন্ধানে সাত বছর আগে স্বামী-সন্তানদের নিয়ে সাভারে আসেন তিনি। বছর চার আগে স্বামী আফজাল হোসেন মারা যান। এতে মেয়ে শান্তা (১৪) ও ছেলে স্বপনকে (৬) নিয়ে বিপাকে পড়েন তিনি। সন্তানদের খাবার জোটাতে কাজ নেন বাসাবাড়িতে। অভাবের সংসারে মাকে সহায়তায় ভবনধসের কয়েক মাস আগে রানা প্লাজায় গার্মেন্টসে চাকরি নেন শান্তা। গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় শান্তা নিখোঁজ হয়। এর পর থেকেই শাহীদা মেয়ের লাশের সন্ধানে পাগলের মতো ছুটে চলেছেন।
সমাবেশে শাহীদা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের কাছ থেকে কোনো টাকাই তিনি পাননি। পেয়েছেন বিকাশের মাধ্যমে প্রাইমার্ক প্রতিষ্ঠানের ৪৫ হাজার টাকা। তিনি বলেন, ‘আমি ক্ষতিপূরণও চাই না, শুধু আমার মেয়েকে চাই। আমার মেয়ে এখনো নিখোঁজ, তোমরা তাকে আইনা দাও।’
শাহীদা বলেন, ‘স্বামীর অবর্তমানে আমার একমাত্র ভরসা ছিল ছেলে ও মেয়ে। মেয়ের স্বপ্ন ছিল ভাইকে লেখাপড়া শিখাইয়া মানুষ করবার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হইলো না। ছেলেকে নিয়া আমি অনেক কষ্টে আছি, তাকে লেখাপড়া শিখাব কীভাবে?’ এসব বলতে বলতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি।
আহত শ্রমিক মমতাজ বেগম বলেন, ‘আমরা ভিক্ষা চাই না, ক্ষতিপূরণ চাই। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে তাঁদের হাড্ডিগুড্ডি বের হচ্ছে, আর পুলিশ বলছে, এগুলো গরুর হাড্ডি। তাহলে নিখোঁজদের হাড্ডিগুড্ডি গেল কোথায়?’ শ্রমিক সওদাত হোসেনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘রানা প্লাজা ধসে আমার স্বামী মারা যান। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর লাশ শনাক্ত করা হয়। প্রাইমার্কের টাকা ছাড়া আমি অন্য কোনো সহায়তা পাইনি।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার, সদস্য জুলহাসনাইন, দীপক রায় এবং নিহত শ্রমিক হাবিবুর রহমান ও আবু জাফরের মা রুবি বেগম। সমাবেশ শেষে রানা প্লাজার সামনে থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি সাভার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। তাসলিমা আখতার বলেন, যাদের শ্রমে এ দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তারা কতটা অসহায়, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও স্বজনদের না দেখলে তা বোঝা যাবে না। ভবনধসের ১০ মাস পেরিয়ে গেলেও এ শ্রমিকদের অনেকে ক্ষতিপূরণ পাননি। যাঁরা পেয়েছেন তাঁদের একেকজন একেকরকম ক্ষতিপূরণ পেয়েছেন।