'আমরা ভুলে থাকতে চাই রোগের কথা'
‘রোজা রাখতে ইচ্ছা করে। কিন্তু শরীরে পারি না। ক্লান্ত হয়ে যাই। ঈদ কাটে ঘরের মধ্যে। এদিক-সেদিক যেতে সাধ হয়। আমরা ভুলে থাকতে চাই রোগের কথা। কিন্তু শরীর মনে করিয়ে দেয়। নানা রকম অসুখে ভুগতে থাকি।’
কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসছিল রাশেদা আকতার ওরফে পলির (২২)। পাশে বসা মেজো বোন নাসরিন আকতার ওরফে লিয়া (১৮) ও ছোট বোন আয়েশা আকতার ওরফে মিমের (১৩) মুখজুড়ে যেন রাজ্যের অন্ধকার।
রক্তরোগ থ্যালাসেমিয়া-আক্রান্ত এ তিন বোন সারাক্ষণ একটি কক্ষে বসে থাকেন। একটু পরিশ্রম এমনকি হাঁটাহাঁটি করলেই ক্লান্ত হয়ে পড়েন। লেখাপড়া করতেন তিনজনই। পরিশ্রম হচ্ছে বলে চিকিৎসকই তাঁদের পড়ালেখা বন্ধ করে দিতে বলেন। বড় দুই বোন নবম শ্রেণী এবং ছোট বোন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন। রাশেদা ও নাসরিনের শরীরে চার বছর বয়সে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। আর জন্মের আট মাসের মাথায় আয়েশার এ রোগ ধরা পড়ে।
তিন মেয়েকে নিয়ে বাবা-মায়ের চিন্তার শেষ নেই। বাবা ওসমান গনি স্টিভিউটার প্রতিষ্ঠানে চাকরি করেন। চট্টগ্রাম নগরের টাইগার পাস রেলওয়ে কলোনির ১৭ নম্বর ভবনে বাস করে পরিবারটি। ভাড়া সাশ্রয়ের জন্য একটি কক্ষ সাবলেট দিয়েছেন।
তিন বোনের চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাবা-মায়ের কাছ থেকে তিন বোন এ রোগ পেয়েছে। তাঁদের থ্যালাসেমিয়াটি খারাপ প্রকৃতির। এখন রক্ত দিয়ে যত দিন বাঁচানো যায়। কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ। রক্তই জোগাড় করতে পারে না। এখন প্রতি মাসে তিন বোনকে তিন ব্যাগ রক্ত দিতে হয়। রক্ত দেওয়ার পর কয়েক দিন সুস্থ থাকে। পরে দুর্বল হয়ে যায়।
মেজো বোন নাসরিন জানায়, ‘শরীর ব্যথা করে। জ্বর আসে। হাঁটতে পারি না। মাঝেমধ্যে বিকেলে একটু হাঁটতে বের হই তিনজন। আমাদের খুশি নেই, ঈদের মতো কোনো আনন্দ নেই।’ রক্তের পাশাপাশি প্রতিদিন নানা ওষুধও কিনতে হয়। ওসমান গনি বলেন, ‘আমার বাড়ি নোয়াখালীতে একটি জমি ছিল। এটাও মেয়েদের জন্য বিক্রি করে দিয়েছি। এখন আর পারছি না।’
চিকিৎসকদের মতে, দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকছে তিনজন। বোন-ম্যারো স্থানান্তর না করলে এ ধরনের রোগী ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত বাঁচে। ভারতে প্রতিটি বোন-ম্যারো স্থানান্তরে খরচ পড়ে অন্তত ৩০ লাখ টাকা। কিন্তু সে সামর্থ্য নেই পরিবারের।
মা খোদেজা বেগমের আকুতি, ‘যদি দেশের এক কোটি মানুষ এক টাকা করেও দেয়, তাহলে আমার মেয়েদের জীবন বেঁচে যায়।’ এ জন্য ইসলামী ব্যাংক দেওয়ানহাট শাখায় তাঁর নামে একটি সঞ্চয়ী হিসাবও (নম্বর - ৭৫৫৯) খুলেছেন।