‘আমরা মনে করি প্রথম আলো নীতিবিচ্যুত হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঠক হিসেবে আমরা মনে করি, প্রথম আলো তার নীতি থেকে এতটুকু বিচ্যুত হয়নি।’ গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই মূল্যায়ন করলেন কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল ও কমপ্লেক্সের মহাপরিচালক ও শিক্ষক মো. সিরাজুল ইসলাম।সকালে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। দুপুর ১২টায় কেক ও ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপিদলীয় সাংসদ লুৎফর রহমান। তিনি বলেন, ‘প্রথম আলোকে নানা কারণে আমি অপছন্দ করি। কিন্তু প্রথম আলো একদিন পড়তে না পারলে আমার ঘুম হয় না। প্রথম আলো ঘরে না পৌঁছলে বউ ছেলেমেয়েদের বকুনি শুনতে হয়। এটাই প্রথম আলোর স্বার্থকতা। আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী দল, বিভিন্ন ব্যক্তি এমনকি সাংসদেরাও প্রথম আলোর সমালোচনা করেন। এর একমাত্র কারণ প্রথম আলো দলনিরপেক্ষ।’ইসলামী ঐক্যজোটের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হাবিব বলেন, ‘প্রথম আলো মাঝেমধ্যে আমাদের বিরুদ্ধে লেখে। কিন্তু এর পরও শুভেচ্ছা জানাতে চলে এলাম। কারণ প্রথম আলো সারা দেশের মানুষের দিনবদলের কাজ করছে। সারা দেশের মানুষ প্রথম আলোর সঙ্গে থাকুক, তা-ই আশা করছি।’যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুরে আলম মিনা, কক্সবাজার পৌরসভার পক্ষে মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অরূপ দত্ত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমান, জেলা আওয়ামী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মো. জসিম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুহাম্মদ শাহজাহান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীসহ ৭১টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। উৎসবের আগে একটি শোভাযাত্রা কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।