‘আমরা মিলেছি প্রাণের টানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী সিলেটের অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে ৬৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আর নূরুননাহার কামালী ৭০তম ব্যাচের। মুখোমুখি হতেই জড়িয়ে ধরলেন একজন আরেকজনকে। প্রায় ৪০ বছর পর দেখা হওয়ায় আবেগে নূরুননাহার প্রথম আলোকে বলেন, ‘কী আর বলব, সেই দেশ স্বাধীনের আগে শেষ দেখা হইছিল। আর দেশ স্বাধীনের পর এইবার পয়লা দেখা...!’ এভাবে শুধু একজন-দুজন নয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের ১০৮ বছর পূর্তি অনুষ্ঠানে গতকাল ছাত্রী-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষাজীবনে শেষ দেখার পর আবার দেখা হয়েছে সবার। ‘আমরা মিলেছি আজ প্রাণের টানে’—এ স্লোগানে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা।সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাতীয় অধ্যাপক শাহ্লা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী এবং বিশেষ অতিথির বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাশেদা কে চৌধূরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। উদ্যাপন পরিষদের সদস্যসচিব নাজমা বেগম ও শামীমা চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, বর্ষীয়ান প্রাক্তন শিক্ষার্থী জ্যোতিময়ী রায়, প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। বক্তব্যে অর্থমন্ত্রী বিদ্যালয় প্রতিষ্ঠার স্মৃতিচারণা করে বলেন, ‘ভারত উপমহাদেশে ব্রিটিশদের ছাত্রীদের তৃতীয় স্কুল হচ্ছে অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়। তখনকার সময়ে ছাত্রীদের সংখ্যা ছিল কম। তাই প্রতিষ্ঠাতা সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীদের নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়েছিলেন। এ স্কুলের ছাত্রী কনক পুরকায়স্থ সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেন, যা আজকের অনেকেই জানেন না।’বিশেষ অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘গণতন্ত্রের জন্য প্রধান শর্ত হচ্ছে জাতিকে শিক্ষিত হতে হবে। আমরা শুধু পুরুষদের কথা চিন্তা করি। নারীদের কথা সেভাবে চিন্তা করি না। সমাজের জাগরণের জন্য আমাদের দেশের নারীরা নীরবে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারে শহীদ জননী জাহানারা ইমাম, সুফিয়া কামালসহ নারীরা এগিয়ে এসেছেন। আমরা তাঁদের উত্তরাধিকারী। আমরা যেন তাঁদের রেখে যাওয়া পতাকা উঁচুতে ধরে রাখার শক্তি, ক্ষমতা ও সাহস অর্জন করতে পারি।’ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাশেদা কে চৌধূরী বলেন, ‘সিলেটের শিক্ষা নিয়ে আমাদের গর্ব আছে। আবার ক্ষতও আছে। দেশের অন্যান্য অঞ্চলের নারীদের চেয়ে সিলেটের নারীরা শিক্ষায় পিছিয়ে আছেন। এখানে বাল্যবিবাহের সংখ্যা বেশি। তবে আমি আশাবাদী, শতবর্ষী এই স্কুল থেকে আলোকিত নারীরা বেরিয়ে আসবে এবং দেশের নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে।’পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে ১০৮ বছর পূর্তি উপলক্ষে স্মারক উন্মোচন করা হয়। বিকেলে প্রাক্তন শিক্ষক ও ছাত্রীদের স্মৃতিচারণা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পুনর্মিলনীর বর্ণাঢ্য আয়োজন।