'আমরা মুজিব সেনা'র ব্যানারে বাড়ি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের ওয়াপদা ব্রিজ এলাকায় ‘আমরা মুজিব সেনা’র ব্যানারে জেলা বিএনপির কৃষি সম্পাদকের ভাড়া বাড়ি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঈদের ছুটিতে দেশের বাড়ি যাওয়ার ফাঁকে তালা ও বেড়া ভেঙে মুজিব সেনা সংগঠনের লোকজন বাড়িটি দখল করেছে বলে গতকাল শুক্রবার ভাড়াটিয়া মালিক সৌরভ শিকদার অভিযোগ করেছেন। দখলের পর বাড়ির বাইরে ‘আমরা মুজিব সেনা’ সাইনবোর্ড ও ভেতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এলাকার লোকজন বলেছেন, গত ২৩ অক্টোবর বিকেলে জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ভাইয়ের নেতৃত্বে একদল লোক বিএনপি নেতা ফজলুল কবীরের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা বাঁশের বেড়া ভেঙে ঘরের আসবাবপত্র সরিয়ে টেবিল ও প্লাস্টিকের চেয়ার নিয়ে আসে।
বিএনপির নেতা ফজলুল কবীর বলেছেন, তিনি ২০-২২ বছর ধরে নিয়মিত রাজস্ব পরিশোধ করে বাজার ফান্ডের জমি ইজারা নিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন। এখন জেলা পরিষদের সদস্য হওয়া আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা ক্ষমতার অপব্যবহার করে তাঁর জমি ও বাড়ি দখলের চেষ্টা করছেন। ফজলুল কবীরের ভাড়াটিয়া সৌরভ শিকদার বলেন, ঈদ ও পূজার ছুটিতে পরিবারসহ দেশের বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাড়ির একাংশের সবকিছু তছনছ করা হয়েছে। আট বছর ধরে ফজলুল কবীরের এ বাসায় ভাড়া রয়েছেন বলে তিনি জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা বেড়া ও আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে একটি টেবিল ও ১০-১৫টি প্লাস্টিকের চেয়ার বসানো হয়েছে। সেখানে কয়েকজনকে বসে থাকতে দেখা গেলেও তাঁরা কোনো কথা বলতে রাজি হননি।
আমরা মুজিব সেনার সভাপতি আনোয়ার হোসেন বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা বাজার ফান্ড কর্তৃপক্ষের কাছে ওই জমি ইজারাপ্রাপ্তির জন্য আবেদন করেছেন। কারণ ফজলুল কবীর ওই জমিতে অবৈধভাবে বসবাস করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, দুই পক্ষকে আদালতে গিয়ে জমি কার, তা প্রমাণ করার এবং কোনো রকম সংঘাতে না যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। আপাতত সমস্যা নেই বলে ওসি বলেছেন।