'আমরা মেকি ধর্মনিরপেক্ষ সমাজে বসবাস করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে বক্তব্য দেন রেহমান সোবহান
সেমিনারে বক্তব্য দেন রেহমান সোবহান

স্বাধীনতা অর্জনের ৪৩ বছর পরও বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হচ্ছে বলে আক্ষেপ করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। গতকাল রোববার বাংলাদেশ ও ভারতের ধর্ম ও সংখ্যালঘু বিষয়ে এক গবেষণা প্রতিবেদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ মনোভাব প্রকাশ করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রেহমান সোবহান বলেন, ‘আমরা একটা মেকি ধর্মনিরপেক্ষ সমাজে বসবাস করছি, যেখানে কোনো আইনের শাসন নেই এবং গণতন্ত্রের সুগভীর সংকট রয়েছে।’
‘ধর্ম, সংখ্যালঘু মর্যাদা ও বিশ্বাস: বাংলাদেশ ও ভারতে পরীক্ষামূলক গবেষণার ফলাফল’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেহমান সোবহান। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ (আইজিএস) ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) যৌথভাবে ডেইলি স্টার সেন্টারে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইজিএস ও বিডিআইয়ের গবেষণাপ্রধান মিনহাজ মাহমুদ। তিনি তিনজন ভারতীয়র সঙ্গে যৌথভাবে এই গবেষণাটি করেছেন। মিনহাজ মাহমুদ বলেন, ‘অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ ও ভারতে একজন সংখ্যালঘু আরেকজন সংখ্যালঘুকেই বেশি বিশ্বাস করে। কিন্তু দুই দেশেই যদি একজন সংখ্যালঘু একজন সংখ্যাগুরুকে ভালোভাবে আস্থায় নেয়, তাহলে সংখ্যাগুরু অনেক বেশি প্রতিদান দেয়।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস প্রতিষ্ঠায় সমাজে আইনের শাসন এবং ক্রিয়াশীল প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিএস ও বিডিআইয়ের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান।
মুক্ত আলোচনা পর্বে মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী সম্প্রতি পাবনায় আক্রান্ত সংখ্যালঘু এলাকা ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘বাংলাদেশে সংখ্যাগুরুদের ওপর সংখ্যালঘুদের আর কোনো বিশ্বাস অবশিষ্ট নেই।’