‘আমরা সীমান্তবাসী’ ব্যানারে জাফলং অভিমুখে লংমার্চ আজ
সিলেটে সীমান্তে ভূমি দখল ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গঠিত ‘আমরা সীমান্তবাসী’র ব্যানারে একাত্ম হয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল। আজ শনিবার সিলেট থেকে জাফলং অভিমুখে লংমার্চে দলীয় ব্যানারে অংশগ্রহণ করবে দলগুলো।লংমার্চের উদ্যোক্তা সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিলেটের সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশ যৌথ জরিপ চলে। জরিপ চলাকালীন গঠিত হয় ‘আমরা সীমান্তবাসী’। বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ওই ব্যানারে পরিচালিত হয়। গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে সিলেটমুখী রোডমার্চ কর্মসূচি ঘোষণার পর আমরা সীমান্তবাসী জাফলং অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে। এতে বিএনপি-জামায়াত একাত্মতা ঘোষণা করে জাফলং অভিমুখে লংমার্চে ১০ অক্টোবরের কর্মসূচির প্রচার চালানোর সিদ্ধান্ত হয়।আজ বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে লংমার্চ শুরু হয়ে বেলা তিনটায় জাফলং আমির মিয়া হাইস্কুল মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীসহ পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।লংমার্চ সফলের আহ্বান জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। গতকাল বিকেলে নগরের শাহজালাল উপশহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, মহানগর বিএনপির সভাপতি এম এ হক প্রমুখ উপস্থিত ছিলেন।‘আমরা সীমান্তবাসী’র প্রধান উদ্যোক্তা জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন জানান, গত বুধবার রাতে চারদলীয় জোটের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপিসহ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন।