‘সারী নদীর উজানে নির্মিত বাঁধের ভয়াবহতায় বাংলাদেশে শুধু বিএনপি-সমর্থিত লোকজন ক্ষতিগ্রস্ত হবে না। সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরাও সমান ক্ষতিগ্রস্ত হবে। তাই বাঁধের বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রতিবাদ-আন্দোলনে সব দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’ভারতের মেঘালয় রাজ্যে সারী নদীর উজানে জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ নির্মাণ করার পর গত ২৯ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে। একটি বাঁধের পর আরও দুটো বাঁধের কাজ চলমান থাকা অবস্থায় বাংলাদেশে সারীর অববাহিকার সিলেটের পাঁচ উপজেলাব্যাপী ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি নিয়ে তৎপর ‘আমরা সীমান্তবাসী’র ব্যানারে এ আহ্বান জানিয়েছেন সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম।মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার জৈন্তাপুরের দরবস্তবাজারে সকাল-সন্ধ্যা প্রতীকী অনশন শেষে রাতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান। দরবস্তবাজারে প্রতীকী অনশন শেষে প্রতিবাদ সভায় সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন। দরবস্ত ইউনিয়নের সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মালিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর চেয়ারম্যান শমছির আলী প্রমুখ বক্তৃতা দেন।