'আমরা স্মার্ট নাগরিক'
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ভোটাররা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ সোমবার দুপুর ১২টায় দাসিয়ারছড়ার কালিরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।
আজ প্রাথমিকভাবে ১০ জন নারী ও ১০ জন পুরুষকে স্মার্ট কার্ড দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা করতালি দিয়ে এই প্রক্রিয়াকে স্বাগত জানান। স্মার্ট কার্ড পেয়ে উচ্ছ্বসিত চম্পা খাতুন ও আশরাফুল আলম। চম্পা বলেন, ‘আজ আমার হাতে নাগরিকত্বের স্মার্ট কার্ড। আমরা স্মার্ট নাগরিক। এ আমাদের পরম প্রাপ্তি।’ অন্যদের পর্যায়ক্রমে ২৫ অক্টোবরের মধ্যে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিটমহলবাসীর উদ্দেশে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘স্মার্ট কার্ড নাগরিকত্ব পরিচয়ের অনন্য দলিল। আপনারা এটি যত্ন করে রাখবেন। সরকার আপনাদের উন্নয়নে অনেক কিছু করছে। আপনাদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’
দাসিয়ারছড়ার ২ হাজার ৫৬২ জন নাগরিককে স্মার্ট কার্ডের আওতায় আনা হয়েছে। এর মধ্যে নারী আছেন ১ হাজার ৩০৬ জন এবং পুরুষের সংখ্যা ১ হাজার ২৫৬ জন।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, স্মার্ট কার্ড পাওয়া নাগরিকদের সবাই ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, ‘ছিটমহল বিনিময়ের এক বছরের মাথায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীরা এই স্মার্ট কার্ড পেলেন। দাসিয়ারছড়ায় পাইলট প্রকল্প হিসেবে এই কাজটি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। পরে ফুলবাড়ী উপজেলায় ১ লাখ ১৪ হাজার ৩১৯ জন নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে।’
জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান সালেহউদ্দিন প্রমুখ।