'আমরা ৯৩' এর মিলনমেলা

সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দুরন্তপনার সেই কৈশোর ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় কৈশোরের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা। চোখে ভেসে ওঠে কৈশোরের চেনা মুখটিও।
শুধু এক ব্যাচে এক সালে এসএসসি পাস ও একটি ফেসবুক গ্রুপ ‘আমরা ৯৩’-এর কল্যাণে সারা বাংলাদেশের প্রবাসীসহ প্রায় ৩ হাজার ৩০০ জনের বেশি বন্ধু একসঙ্গে সারা দিন আড্ডা, খাওয়া, ছবি তোলা, নাচ, গানে মশগুল ছিল। ১৯৯৩ সালে এসএসসি পাস করা বন্ধুবান্ধব ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তাদের নিয়েই ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমরা ৯৩’, যাতে ২০ হাজার সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। একই ব্যাচের এবং একই বয়সের নারী-পুরুষের এই জমজমাট পুনর্মিলনীটি ছিল ব্যতিক্রম। এখানে ছিল না কোনো অভিভাবক, এমনকি জুনিয়ররাও। ফলে আমরা নিজেদের মধ্যে আলাপচারিতায় দিনটি চমৎকার উপভোগ করেছি। যেন হারিয়ে গেছি সেই ৯৩ সালে যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি।
২৫ ডিসেম্বর ঢাকার অদূরে সীসেল রিসোর্ট বন্ধুদের পুনর্মিলন ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম দিল। দেশব্যাপী স্কুলের ব্যাচভিত্তিক বন্ধুদের নিয়ে বিশাল আয়োজন ছিল। এর নেপথ্যে কারিগর ওমর ফারুক ও কামরুজ্জামান সোহাইল।
বন্ধু সোহাইলের অফিস আমাদের জন্য এই কয় দিন ছিল আড্ডার জায়গা, সময়মতো লাঞ্চ, চা রেডি, বন্ধুদের উৎসাহ দিয়ে সব চাপ হাসিমুখে নিয়ে কীভাবে রিইউনিয়ন সফল করা যায়, তার ব্যাপারে অক্লান্তভাবে কাজ করছিল। এ আয়োজন করতে অনেক বন্ধু অক্লান্ত পরিশ্রম করেছে। স্থান সংকুলানে সব বন্ধুর নাম লিখতে পারছি না। বন্ধু, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো।
একটু পেছনের কথা বলছি, আমার পথচলা শুরু হয়েছিল ‘আমরা ৯৩’ গ্রুপে দিয়ে। ২৭ জুলাই যোগ দিই। ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় আড্ডার আয়োজন করা হয়। বন্ধু শরিফসহ নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়। রেজিস্ট্রেশন কমিটি পালাক্রমে বিভিন্ন জায়গায় আড্ডার আয়োজন। বন্ধু শাহাদাত, ফিরোজ, নাফিস, সঞ্জয়, আসিফ, রেজাউল, মোশাররফ, জাকিয়া, নুরে আলম, নুরুজ্জামান সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা দিয়ে এগিয়ে আসবার জন্য। বন্ধু জাবেদ, শিপন ও চঞ্চলের অসাধারণ তৎপরতা ও আন্তরিকতায় ‘আড্ডাবাজ চট্টগ্রাম ৯৩’-এর বন্ধুরা একসঙ্গে বিশাল বহর নিয়ে পিকনিক স্পটে যোগ দিয়েছিল।
অনুষ্ঠান শুরুর প্রারম্ভে আইডি কার্ড বিতরণে কিছুটা বিড়ম্বনা হলেও এককথায় বলা যায়, পুরো অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয়েছে। বিশেষ করে খাবারের আয়োজনে যে শৃঙ্খলা এবং বিভিন্ন স্পটে একসঙ্গে খাবার বিতরণ (বুফে) ও খাবার খাওয়ানোর ব্যবস্থা ছিল, তা আসলেই উল্লেখ করার মতো ছিল। স্যুভেনিরে সবার মোবাইল এবং ই–মেইল বা ফেসবুক আইডি থাকলে ভালো হতো। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুরা সবাই নিজেদের বয়স ভুলে গিয়ে সেই ১৬ বছরের কিশোর ও কিশোরীর মতো নাচে–গানে মেতে ছিল, তা এককথায় অসাধারণ। আসলেই জয় হয়েছে ‘আমরা ৯৩’–এর প্রথম পুনর্মিলনী, সার্থক হয়েছে ‘আমরা ৯৩’–এর জন্ম। চেনা নেই, জানা নেই, অথচ সবার মধ্যে কী আন্তরিক বিনিসুতার বন্ধন!
পরবর্তী পুনর্মিলনীতে বন্ধুদের অংশগ্রহণ আরও অনেক বাড়বে এবং তা আরও সুন্দর ও সার্থক হবে—এই প্রত্যাশা করছি। পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান বাংলাদেশের যেকোনো একটি স্থানে হোক!
*লেখক: ব্যাংকার