‘আমরাই হিমশিম খাচ্ছি, তাহলে জনগণের কী অবস্থা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বৈঠকে সভাপতিত্ব করেন।আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির প্রবীণ সাংসদ মজিবর রহমান বলেন, জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে, এটা কীভাবে প্রতিহত করা যায়, সেটা ঠিক করতে হবে। তিনি বলেন, যেমন সয়াবিন তেলের দাম প্রতিদিনই বাড়ে। তাঁর ভাষায়, ‘এখন এমন অবস্থা যে আমরাই হিমশিম খাচ্ছি, তাহলে জনগণের কী অবস্থা, ভেবে দেখেন।’ সরকারি দলের সাংসদ এম এ মান্নান বাজেট বিশাল নয় বলে মন্তব্য করে বলেন, বাজেটে ঘাটতি ৫ শতাংশ। উন্নয়নশীল দেশগুলোতে এমন বাজেট ঘাটতি থাকতে পারে। কিছু বিশ্লেষক এগুলো জানেন, বোঝেন, তার পরও তাঁরা রাজনৈতিক কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চান।এম মান্নান বাজেট ব্যবস্থাপনাকে সাপ আর সাপুড়ের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী হলেন সাপুড়ে, টাকা হচ্ছে সাপ। সাপুড়ে যদি সাপকে ঠিকমতো খেলাতে (ম্যানেজমেন্ট) না পারেন, তাহলে সাপের দংশনে মারা যেতে হবে। আমার বিশ্বাস, অর্থমন্ত্রী ঠিকই খেলাতে পারবেন।’এম মান্নান সরকারের কৃষি ব্যবস্থাপনাকে চমৎকার উল্লেখ করে এ খাতে ভর্তুকি বাড়াতে বলেন। তিনি গ্রামে শ্রমবাজারে উচ্চ কৃত্রিম মজুরি তৈরি হয়েছে উল্লেখ করে গবেষণার প্রস্তাব দেন। তিনি বলেন, বিদ্যুতের ভর্তুকি অসাম্য সৃষ্টি করে। ফলে এটা বাড়ানো ঠিক নয়। গ্রামের অনেক মানুষ বেশি দামেও বিদ্যুৎ পেতে চায়। ফলে দাম সমন্বয় করা যায়। জাসদের শাহ জিকরুল আহমেদ, আওয়ামী লীগের এ এ মারুফ সাকলান, নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ গতকাল আলোচনায় অংশ নেন। পরে সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।