'আমরাও প্রথম আলো'

চারদিকে শিশুদের ছুটোছুটি। নানা রঙের জামা পরে এক হাতে বেলুন, এক হাতে পতাকা। চেনা-অচেনা সবাই আজ বন্ধু। আজ প্রথম আলো কার্যালয়ে বসেছিল শিশুদের মিলনমেলা।
শিশুরা একদিকে যেমন ছুটোছুটি করেছে, অন্যদিকে তেমনি মেতেছে ছবি আঁঁকায়। কেউ এঁকেছে লাল-সবুজ পতাকা, কেউ স্মৃতিসৌধ, কেউবা নিজের খুশিমতো ধানখেত। বাদ যায়নি ভূতের ছবিও। কোনো কিছুতেই নেই বাধা। আজ সবাই স্বাধীন। যার যা খুশি আঁঁকার স্বাধীনতা আজ। ছবি আঁঁকার পরে বাংলাদেশের পতাকা ওড়ায় শিশুরা।
আজ সোমবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলোতে কর্মরত কর্মীদের শিশুসন্তানদের নিয়ে ‘আমরাও প্রথম আলো’ শীর্ষক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মধ্যে বয়সভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিশুদের জন্য বিষয় ছিল ‘যেমন খুশি তেমন চিত্রাঙ্কন’। তৃতীয় থেকে নবম শ্রেণীর প্রতিযোগীর জন্য বিষয় ছিল ‘স্বাধীনতা’। অনুষ্ঠান শেষে সব শিশুদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। সঙ্গে ছিল মজাদার খাবার। প্রত্যেক শিশুই পুরস্কার নিয়ে ঘরে ফেরে।