‘আমরাও মাদকমুক্ত সমাজ চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা গরিবঘরের ছেলেমেয়ে। সুবিধাবঞ্চিত গ্রামীণ কিশোর-কিশোরী। সারা দেশের মতো এবার আমরা কক্সবাজার সৈকতে এসেছি এখানকার মানুষকে মাদক সম্পর্কে সচেতন করতে। আমাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ মাদককে “না” বলছেন, মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করছেন। আমরাও মাদকমুক্ত সমাজ ও দেশ চাই।’গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহকারী চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা সুবিধাবঞ্চিত কিশোর আফজাল হোসেন সাংবাদিকদের কাছে এভাবেই নিজের অনুভূতির কথা প্রকাশ করে।আফজালের মতো রংপুর, বরগুনা, চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা দুই শতাধিক সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী গত দুই দিন (রবি ও সোমবার) সৈকতে নেমে শত শত মানুষকে মাদক থেকে দূরে থাকার শপথ করিয়েছে। তারা মানুষের কাছ থেকে নিচ্ছে মাদককে ‘না’ বলার পক্ষে স্বাক্ষর বা সম্মতি।রংপুরের কিশোর হাসমত ও বরগুনার কিশোরী ইয়াসমিন জানায়, তারা বিশ্বের দীর্ঘতম সৈকত দেখার পাশাপাশি ভ্রমণে আসা পর্যটকদের সঙ্গে মাদক নিয়ে কথা বলতে পারছে, এটাই খুশির খবর। কর্মসূচির মাধ্যমে নিজেরা সচেতন হচ্ছে এবং অন্যদের সচেতন করছে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা সিএমইএস সুবিধাবঞ্চিত এই গ্রামীণ কিশোর-কিশোরীদের নিয়ে সমুদ্রসৈকতে চার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। গত রোববার সকাল নয়টায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার পরিচালক অপূর্ব রায়। এ সময় উপস্থিত ছিলেন সিএমইএসের প্রকল্প পরিচালক মরিয়ম আকতার, ইসমত আরা ও সুলতানা ফেরদৌস।কর্মসূচির প্রথম দিন রোববার সকাল ১০টায় দুই শতাধিক কিশোর-কিশোরী ‘মাদককে না বলুন’ স্লোগানে সৈকতে শোভাযাত্রা বের করে। এরপর বিকেল পর্যন্ত মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কিশোর-কিশোরীরা সৈকতে নেমে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি প্রধান সড়কে মাদকবিরোধী রোড শো, সৈকতে ফুটবল, ক্রিকেট খেলা এবং বিকেলে অধিকার আদায়, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক গান পরিবেশন করে।ফেনী থেকে ভ্রমণে আসা পর্যটক আজিজ পাশা বলেন, ‘বিপুলসংখ্যক সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে আমাদের চোখ খুলে দিয়েছে।’মরিয়ম আকতার জানান, ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত দেশের ২২টি জেলার প্রায় ৫০ হাজার অধিকারবঞ্চিত কিশোর-কিশোরীকে এই কর্মসূচির আওতায় এনে মাদকবিরোধী ও বিভিন্ন শিক্ষাবিষয়ক কার্যক্রমের মাধ্যমে সচেতন করা হচ্ছে। আগামীকাল কর্মসূচি শেষ করে কিশোর-কিশোরীরা বাড়ি ফিরবে।