‘আমরার কষ্ট কেউ দেখইন না!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারের বিভিন্ন গ্রামের লোকজন দীর্ঘ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে।গতকাল শুক্রবার সকালে দুর্গত কয়েকটি এলাকা ঘুরে জানা গেছে, প্রায় দুই মাস ধরে লোকজন জলাবদ্ধ অবস্থায় আছে। উজানের ঢলে তাদের বোরো ফসল ভেসে গেছে। ঘরে খাবার নেই। অভাবের তাড়নায় অনেকে গবাদিপশু বিক্রি করছে। হাওরের ঢেউয়ে কাঁচা বসতঘরসহ গ্রামের রাস্তাঘাট ধসে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে থাকায় পাঠদান বন্ধ। গত মে মাসের শুরু থেকে এ অবস্থা চলছে।স্থানীয় লোকজনের ভাষ্যমতে, টানা ভারী বর্ষণ ও জুড়ী নদীর উজান থেকে পাহাড়ি ঢলে হাকালুকি হাওর উপচে জলাবদ্ধতা দেখা দেয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকোয়ারি বিলের কাছে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করায় এবং মূল নদীর মোহনায় পাশের দুটি ইটভাটার খোয়া ফেলে রাখায় পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। জুড়ীর মূল ও শাখানদী দিয়ে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে পানিনিষ্কাশিত হতো। এ ছাড়া পলিতে ভরাট হয়ে যাওয়ায় জুড়ী নদীর নাব্যতা কমে গেছে। কুলাউড়ার চিলারকান্দির মাহতাব মিয়া (৫০) আক্ষেপের সঙ্গে বলেন, ‘মানুষ মরলে দাফন করার জেগা নাই। সাত-আট দিন থাকি বৃষ্টি নাই। এর পরেও পানি কমের না।’ জালালপুরের আবদুল হামিদ (৪০) বলেন, ‘একমুঠউ ধান (বোরো) ঘরো তুলতাম পারছি না। দুইটা ছাগল বেইচছি। টেখা ফুরাই গেলে খাইতাম কিতা!’ বাদে ভূকশিমইল গ্রামের রইছ আলী (৬৫) বলেন, ‘আওরোর ঢেউয়ে ঘর ফালাইছে। গ্রামোর রাস্তাঘাট ভাঙছে। ক্ষতির শেষ নাই।’ জুড়ীর শাহপুরের আনু মিয়া (৫০) বলেন, ‘ফেঞ্চুগঞ্জের বান্ধটাই দুর্গতির কারণ। হুনলাম, এইটা কাটি দেওয়া অইবো। অখনো তো কিচ্ছু অইলো না। আসলে আমরার কষ্ট কেউ দেখইন না!’ কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘২০০৪ সালের বন্যায়ও এত দীর্ঘ জলাবদ্ধতা হয়নি। দুর্ভোগ লাঘবে দ্রুত সরকারি উদ্যোগ দরকার।’পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক জানান, জুড়ী নদী খননের একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া আছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু করা যাবে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জেলা প্রশাসন, সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ও পাউবোর কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গত ২৫ জুন ফেঞ্চুগঞ্জের বাঁধ এবং দুটি ইটভাটা পরিদর্শন করে। পরে এ বিষয়ে একটি প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে।মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, বাঁধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়েছে।উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জের পিটাইটুক গ্রামকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে ২০০৪ সালের শেষ দিকে সিলেটের পাউবো জুড়ী নদীর শাখার মোহনায় একটি বাঁধ নির্মাণ করে।