‘আমরার পোলা আবদুল হামিদ পেসিডেন্ট অইছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের পুরস্কার নেছা (৮৫) বলেন, ‘আমরার পোলা আবদুল হামিদ পেসিডেন্ট অইছে। কী যে ভালা লাগদাছে, তা কইতে ফারতাম না।’ তাঁর মতোই আবদুল হামিদের নিজ গ্রাম কামালপুরের প্রতিটি মানুষ আনন্দে আত্মহারা।আবদুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দে ভাসছে হাওর এলাকাসহ গোটা জেলার মানুষ। তাঁর নিজ উপজেলা হাওরের মিঠামইনে অফিস-আদালত, স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ-শোভাযাত্রা হয়েছে। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।এ ছাড়া জেলা শহরসহ পাকুন্দিয়া, তাড়াইল, কটিয়াদী, হোসেনপুর, করিমগঞ্জ উপজেলায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। তাড়াইলে মিছিলে অংশগ্রহণকারী উপজেলা সদরের রিকশাচালক রহিম উদ্দিন (৫৫) বলেন, ‘হামিদ ভাইয়ের মতো ভালা মানুষ রাষ্ট্রপতি অওয়ায় সামনের দিনে দেশের মানুষ শান্তি পাইব।’ গতকাল সোমবার সন্ধ্যায় দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিশোরগঞ্জ শহরে এক বিশাল আনন্দমিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রংমহল সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আবদুল হামিদকে উদ্দেশ করে রকমারি স্লোগান দিয়ে মিছিলকারীরা আনন্দ প্রকাশ করেন। আবদুল হামিদের বন্ধু আইনজীবী আবদুল মালেক বলেন, ‘মাঠপর্যায় থেকে তিনি রাজনীতি করে রাষ্ট্রপতি হলেন। একজন প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের জটিল সময়ে রাষ্ট্রপতি হলেন। ক্রান্তিকালে তিনিই জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন।’