'আমরারে খানি দিয়া হরতাল ডাকার লাগি নেতারারে কইদিবা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন গতকাল বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছিল শান্ত। ছিল না মিছিল, সমাবেশ ও পিকেটিং।
পৌর এলাকার স্টেশন সড়কে শ্রম বিক্রির বাজার ‘কামলার হাটে’ কাজের আশায় বসে ছিলেন ১৩-১৫ জন দিনমজুর। শ্রমজীবী এসব মানুষের চেহারায় ছিল উৎকণ্ঠার ছাপ।
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়া (৩৮)। তিন দিন ধরে তিনি শ্রীমঙ্গলে পরিচিত এক রিকশাচালকের আশ্রয়ে আছেন। বিল্লাল মিয়া বলেন, ‘এক দলের ক্ষমতায় থাকা আর আরেক দলের ক্ষমতায় যাওয়ার এই হরতালে আমরার জীবন তো শেষ অই যারগি। আমরা তো না খাইয়া মরি যাইমু। তিন দিন ধইরা কাজ নাই। বাড়িত বউ-বাইচ্চা কী খাইয়া আছে আল্লায় জানে।’
সুজাত মিয়া। বয়স পঞ্চাশের কাছাকাছি। বিল্লালের সঙ্গে কথা বলার সময় তিনি এগিয়ে এসে জানতে চান, কজন কামলা লাগবে। কামলার প্রয়োজন নেই জেনে তিনি খুবই বিরক্ত হন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘এমনি জান বাঁচে না। তার ফরে আবার হরতাল। আমরারে খানি দিয়া হরতাল ডাকার লাগি নেতারারে কইদিবা।’
কামলার হাটের মজুরেরা জানান, প্রায় ৩০ জন দিনমজুর আছেন এই হাটে। তাঁদের অধিকাংশের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে। শ্রমিকদের কয়েকজন প্রতিদিন কাজের সন্ধানে বাহুবল থেকে এই হাটে আসেন। কয়েকজন শ্রীমঙ্গলে বস্তিতে ঘর ভাড়া করে থাকেন। ২৫০ টাকা থেকে ৩০০ টাকা রোজে এই হাটের শ্রমিকেরা কাজ করেন।
বাজার চাঙা হলে দৈনিক ৩৫০ টাকা মজুরি পাওয়া যায়। হরতাল হলে চাল-ডাল-তেল-সবজি-মাছের দাম বাড়ে; অন্যদিকে কাজ থাকে না। শ্রীমঙ্গল উপজেলা ও এর চারপাশের লেবুবাগানে এই হাটের শ্রমিকের চাহিদা বেশি। হরতাল হলে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকে। লেবুর হাটে পাইকারেরা আসেন না। লেবু কেনাবেচা হয় না। লেবু নষ্ট হয়ে যায়। বাগানের মালিকদের লোকসান হয়। এর প্রভাব পড়ে দিনমজুরদের ওপর। কমে যায় শ্রমের দাম।