'আমরারে মারল কেনে চিকিৎসা করব কেলা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের শেষ দিন। রাতের বেলা যাত্রী নিয়ে গাড়িটি রওনা হয়েছিল। বাসে রিকশাচালক আবদুল হক তাঁর স্ত্রী ও শিশুকে নিয়ে উঠেছিলেন। চলন্ত গাড়িতে ঢিল ছোড়া শুরু হয়। গাড়ির কাচ ভেঙে গিয়ে আবদুল হক ও শিশুর মাথায় আঘাত লাগে।
আবদুল হকের স্ত্রী খাদিজা বিলাপ করে বলছিলেন, ‘আমরা তো রাজনীতির মানুষ না। আমরারে মারল কেনে? মারল যখন চিকিৎসাটা করব কেলা?’ আবদুল হককে চিকিৎসক ঢাকায় নিয়ে যেতে বলায় স্ত্রী খাদিজা হাউমাউ করে বলছিলেন, ‘খাইবার টেকা (টাকা) নাই, ঢাকা যাই কেমনে?’
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁওয়ে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের হামলায় আবদুল হক আহত হন। নগরের আখালিয়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। বৃহস্পতিবার সুনামগঞ্জের ধরমপাশায় যেতে গাড়িতে ওঠার সময় হামলার মুখে পড়েন। রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আবদুল হক। শয্যা নেই, তাই মেঝেতে রয়েছেন। পাশে ছয় বছর বয়সী শিশু আবদুল হাসিমও আহত অবস্থায় চিকিৎসাধীন।
ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানান, আবদুল হকের বাঁ দিকের কানের ভেতর কাচের গুঁড়া ঢুকে গেছে। মাথার বিভিন্ন দিকেও কাচের গুঁড়ার জখম। ছেলেরও মাথায় আঘাত রয়েছে। তবে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর প্রয়োজন।
মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পেট্রলবোমায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দগ্ধ: বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দগ্ধ হয়েছেন। নগরের শাহি ঈদগাহ এলাকায় অবরোধকারীরা নির্বিচারে গাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁদের ছোড়া পেট্রলবোমায় রিকশায় থাকা সিলেটের লিডিং ইউনিভার্সিটির বিবিএর ছাত্র মেহেদী মাহমুদ ও রিকশাচালক আহত হন। মাহমুদের মুখ ও দুই হাত ঝলসানো অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদকে মারধর করে তাঁর ব্যবহূত সরকারি গাড়িটি ভাঙচুর করে পাশের খালে ফেলে দেন অবরোধকারীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সড়কের বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা চেয়ারম্যান জানান, জামায়াত-শিবিরের একদল নেতা-কর্মী তাঁর সরকারি গাড়ি থামিয়ে তাঁকে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে গাড়িতে ঢিল ছোড়া শুরু করলে তিনি নিজেও জখম হন। খবর পেয়ে কানাইঘাট ও জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
সিলেটে লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেহেদী মাহমুদ বিশ্ববিদ্যালয়ের বিবিএ অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। মেহেদীকে দেখতে গতকাল শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান উপাচার্য মো. কিসমতুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, পেট্রলবোমায় মেহেদীর মুখ ও দুই হাতে দগ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।