'আমাকে একা ফেলে ওরা হারিয়ে গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ খানেক আগে বাবা হয়েছেন মোহাম্মদ আলী মাদবর। নবজাতক মেয়ে, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। শিশুটিকে দেখার জন্য পরিবারের অন্য সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু তাঁদের বাড়িতে ফেরা সম্ভব হয়নি। লঞ্চ ডুবে মোহাম্মদ আলীর মেয়ে, স্ত্রী ও শাশুড়ি নিখোঁজ। মোহাম্মদ আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে স্রোতের তোড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন। মৌচাক-২ নামের লঞ্চে করে ঢাকা থেকে ওয়াপদা লঞ্চঘাটে এসেছিলেন মোহাম্মদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা।

মোহাম্মদ আলীর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার ঢাকার একটি হাসপাতালে মোহাম্মদ আলীর স্ত্রী পারভিন আক্তার (৩৫) সন্তান প্রসব করেন। রোববার রাতে তাঁরা লঞ্চে করে নড়িয়ার উদ্দেশে রওনা হন। গতকাল ভোর চারটার দিকে মৌচাক-২ লঞ্চটি ওয়াপদা ঘাটে পৌঁছায়। বাইরে অন্ধকার থাকায় তাঁরা লঞ্চে অপেক্ষা করছিলেন। লঞ্চের অন্য যাত্রীরা নেমে গিয়েছিলেন। ভোর পাঁচটার দিকে হঠাৎ নদীভাঙন ও তীব্র স্রোতে ঘাট থেকে পন্টুন বিছিন্ন হয়ে লঞ্চটি তলিয়ে যায়। মোহাম্মদ আলী কোনো রকমে সাঁতরে তীরে ওঠেন। তবে তাঁর মেয়ে, স্ত্রী ও শাশুড়ি নিখোঁজ রয়েছেন।

পরে স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুপুরের দিকে মোহাম্মদ আলীর মা সায়েরা বেগম তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

সায়েরা বেগম প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে সদরঘাট থেকে লঞ্চে ওঠার খবর মুঠোফোনে জানিয়েছিল। নাতনির মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এ করুণ পরিণতির জন্যই কি তারা দিনের আলোর জন্য লঞ্চে অপেক্ষা করছিল? আল্লাহই জানে কী তাদের পরিণতি!’

হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যায় বারবার চেতনা হারিয়ে ফেলছেন মোহাম্মদ আলী। সংজ্ঞা ফিরেই স্বজনদের কাছে সন্তান ও স্ত্রীর কথা জানতে চাচ্ছেন। বিলাপ করতে করতে তিনি বলছিলেন, ‘লঞ্চ থেকে নেমে যাওয়ার ইচ্ছা ছিল আমার। পারভিনই দিনের আলোর জন্য অপেক্ষা করতে বলেছিল। ওর শখ ছিল দিনের আলোতে মেয়েকে নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ তার ইচ্ছা পূরণ করল না। আমাকে একা ফেলে ওরা এখন চিরতরে অন্ধকারে হারিয়ে গেল।’

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার বলেন, ‘নদীভাঙনের কারণে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’