‘আমাকে ফাঁসি দিন রিমান্ডে দেবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে। তাঁরা আমার কাছ থেকে আরাফাত হত্যার ব্যাপারে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে। স্যার, আপনি আমাকে ফাঁসি দিন। দয়া করে রিমান্ডে পাঠাবেন না। ওরা আমাকে থানায় নির্যাতন করে মেরে ফেলবে।’গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার বিচারিক আদালত-৩-এর বিচারক আবু সাঈদের খাস কামরায় তালার শিশু আরাফাত হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আনা হলে তালা উপজেলার স্কুলছাত্র রুবেল সরদার এভাবেই বিচারকের কাছে তার আর্তি জানায়।তালার বারুইহাটি গ্রামের এসএসসি পরীক্ষার্থী রুবেল বিচারকের খাস কামরা থেকে বেরিয়ে সাংবাদিকদের জানায়, গত ২৮ আগস্ট দুপুরে গ্রামের আবদুল বারি সরদারের বাড়ির গৃহকর্মী আরাফাত হোসেন (১২) দুর্বৃত্তদের হাতে খুন হয়। ৩১ আগস্ট গ্রামের একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল জানায়, ২০ সেপ্টেম্বর রাতে তার বন্ধু নাজমুল খাঁ পুলিশের ডাকে থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়। একইভাবে ২১ সেপ্টেম্বর সকালে পুলিশের ডাকে সে (রুবেল) ও তার বাবা থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন হিসেবে তাদের এ মামলায় গ্রেপ্তার করা হয়। রুবেলের অভিযোগ, এ মামলায় তাকে না জড়ানোর আশ্বাস দিয়ে তদন্ত কর্মকর্তা ও তালা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান তার বাবা তাজউদ্দিন সরদারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় থানাহাজতে আটকে রেখে আরাফাত হত্যা মামলায় স্বীকারোক্তি আদায়ের জন্য তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ ছাড়া সাক্ষ্য দেওয়ার জন্য নাজমুলকেও মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে রাজি হলেও নাজমুল রাজি হয়নি।রুবেল আরও জানায়, গত বুধবার তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই দিন রাতে পুলিশ কাপড় দিয়ে তার চোখ বেঁধে থানাহাজতে দুই-আড়াই ঘণ্টা ঝুলিয়ে রাখে। তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। চোখ বেঁধে নাজমুলকেও মারধর করা হয়। মারধর করার পর তাদের কাছ থেকে পুলিশের শিখিয়ে দেওয়া বক্তব্য রেকর্ড করা হয়। পরদিন বেলা ১১টার দিকে তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় সাতক্ষীরায় আনা হয়। সেখানেও তাকে শেখানো বক্তব্য বিচারকের কাছে না বললে আবারও রিমান্ডে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন উপপরিদর্শক লুৎফর রহমান। বিচারকের কাছে সে (রুবেল) পুলিশের শেখানো বক্তব্য দিতে শুরু করে। একপর্যায়ে সে হত্যাকারী হিসেবে নিজের ফাঁসির দাবি করে ফের পুলিশের কাছে রিমান্ডে না দেওয়ার আকুতি জানালে বিচারকের সন্দেহ হয়। এ সময় বিচারক প্রকৃত ঘটনা জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। পরে বিচারক ১৬৪ ধারায় জবানবন্দি না নিয়ে রুবেলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রুবেলের বাবা তাজউদ্দিন গতকাল অভিযোগ করেন, এ মামলার ভয় দেখিয়ে উপপরিদর্শক লুৎফর রহমান তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন। তিনি জানান, এখনো তাঁরা কোনো আইনজীবী নিয়োগ করেননি। উপপরিদর্শক লুৎফর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের চোখ বেঁধে তালা থেকে সাতক্ষীরা আদালতে আনা হয়নি। টাকা দাবি ও নির্যাতন করার অভিযোগও ঠিক নয়। রুবেল মিথ্যা কথা বলে হত্যা মামলা থেকে বাঁচতে চাইছে। তিনি দাবি করেন, রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চায়নি। এ কারণে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।