‘আমাগো ঈদের আনন্দ ছাইয়ের নিচে চাপা পড়ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনুমানিক রাত আটটা। পরদিন ঈদ। সবাই হইচই করছে। হঠাৎ টিনের চালের ওপর আগুনের ফুলকা আইসা পড়ল। তার লগে লগে ধাউ ধাউ করইরা বাড়িঘর জ্বলতে শুরু করল। যখন আগুন নিভা গেল তখন আমাগো সব শেষ হইয়া গেছে। আমাগো ৪৫টা পরিবারের ঈদের আনন্দ ছাইয়ের নিচে চাপা পইড়া গেছে।’ কথাগুলো বলছিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার ব্যবসায়ী রমিজুল ইসলাম। গত মঙ্গলবার রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে ওই আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মৌচাক-ফুলবাড়িয়া সড়কের উপজেলার ভান্নারা এলাকায় মঙ্গলবার রাত আটটার দিকে কোয়ালিটি স্টিল মিলের নিজস্ব বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এ সময় অগ্নি স্ফুলিঙ্গ পাশের ঘনবসতিপূর্ণ এলাকার একটি দোকানের ওপরে গিয়ে পড়ে। এতে টিনের চালায় আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই এলাকার রমিজুল ইসলাম, জয়নাল আবেদিন ও আ. খালেকের তিনটি মুদি দোকানসহ ৪৫টি ঘরের টিভি, ফ্রিজ, ফ্যান, ঈদের নতুন ও পুরোনো জামা-কাপড়সহ সব আসবাব পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১২ জন আহত হয়। রমিজুল ইসলাম দাবি করেন, আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। গতকাল সকালে গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আ. ছামাদ জানান, স্টিল মিলের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত হয়। এদিকে গত বুধবার ঈদের দিন সকাল আটটার দিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার লাফার মেশিন ও কাপড় পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।