'আমাগো এট্টু শান্তি দ্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশের জন্য দোকানই খুলতে পারেননি রেজাউল হক। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ফুটপাতে পুরোনো কাপড়ের এই দোকানির সর্বস্ব জ্বালিয়ে দেওয়া হয়েছে সেদিন বিকেলে। খুইয়েছেন প্রায় দুই লাখ টাকার মাল। তিন দিন পর গতকাল বুধবার নতুন আনা একটি ছোট চৌকিতে সামান্য কিছু কাপড় বিছিয়ে আবার শুরু করেছেন রুজি জোগাড়ের বন্দোবস্ত। বেলা ১১টা বেজে গেছে, কিন্তু কোনো ক্রেতা নেই। রেজাউল বলছিলেন, ‘হরতালে কাস্টমার পামু কই। কাইলও পামু না। আমরা কীভাবে বাঁচুম কন?’

হেফাজতের সমাবেশে সহিংসতার ক্ষতির রেশ না কাটতেই রেজাউলের মতো ব্যবসায়ীরা পড়েছেন হরতালের ফাঁদে। দুই দিন ছুটির পর আসছে রোববারের হরতাল। দিনে এনে দিনে খাওয়া মানুষ এই অবস্থায় পড়েছেন বিপাকে।

রেজাউলের মতো ফুটপাতের দোকানি পুরানা পল্টনের গেঞ্জি ব্যবসায়ী বুলু মিয়াও হারিয়েছেন সর্বস্ব। তিনি বলছিলেন, ‘২২ বছর ধইর‌্যা বিজনেস করি। ক্যাচাল-গন্ডগোল অনেক দেখছি, তয় এমন অবস্থা দেহি নাই।’ সেদিনের ক্ষতির জন্য তিনি সরাসরি দুষলেন সমাবেশের আয়োজকদের সঙ্গে থাকা প্যান্ট-গেঞ্জি পরা যুবকদের।

ক্রেতা আসুক না-আসুক বায়তুল মোকাররমের দোকানিরা অন্তত দোকান খুলতে পেরেছেন। কিন্তু মহাখালী বাসস্ট্যান্ড হরতালে একেবারে নিশ্চল। সারি ধরে দাঁড়িয়ে আছে দূরপাল্লার গাড়ি। সেসব গাড়ি সারানোর কাজ করছেন কেউ, কেউ ব্যস্ত ধোয়ামোছার কাজে। অলস আড্ডায় কাটছে বেশির ভাগ লোকের দিন। সব খরচ চলছে গাঁটের টাকায়। শুধু খেতেই চলে যায় আড়াই শ টাকা। এ ছাড়া আছে পান-বিড়ি ও খাওয়ার পানির জন্য ব্যয়। গোসল ও টয়লেট ব্যবহারের খরচও আছে। ঢাকা-মাদারগঞ্জ সড়কে গাড়ি চালান মো. জগলুল। বলছিলেন, ‘বাস টার্মিনাল মানেই টাকা। বইস্যা থাকলে খরচ আরও বেশি।’ দিন গেলে ছয়-সাত শ টাকা আয় হয় তাঁর। এখন একেবারে শূন্য। ঘরে অন্তত দুই শ টাকা দিতে হয়। তাতে চলে পাঁচজনের পেট। এই সময়টায় তাই বড্ড কষ্ট। তাই সরকার, মালিক বা যারা হরতাল ডাকে, তারা যেন হরতালের দিন অন্তত ‘খাওনের খরচটা’ দেয় সেই দাবি তাঁর।

সব দল যদি ছাড় না দেয় তবে এই ‘ক্যাচাল’ যাবে না; এমন মনে করেন এই বাসটির সহকারী মাসুদ মিয়া। বলেন, ‘আমরা তো রাজা হইব্যার চাই ন্যা। সরকার আর বিরোধী পার্টির কাছে কই, আমাগো এট্টু শান্তি দ্যান।’

তবে দেশে শিগগিরই শান্তি যে আসবে না, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত তেজগাঁও রেললাইনের পাশের বস্তির বাসিন্দা রজব আলী। পেশায় গাড়িচালক রজব বলছিলেন, ‘কীভাবে হইব কন, একজন গদি ছাড়বোই না। আরাকজনের গদিতে আইতেই অইব। এমতে হইলে মারামারি তো অইবোই।’

আর এই ‘মারামারি’র অনিবার্য প্রভাবে গরিব মানুষের কষ্টের দিকটি সব সময় উপেক্ষিত রাজনৈতিক দলগুলোর কাছে—এমন মত মন্তাজ আলীর। রায়েরবাজার বস্তির বাসিন্দা এই মানুষটির কাছে রাজনীতি একেবারে বড়লোকের বিষয়। কারওয়ান বাজার থেকে নিত্য হাঁস-মুরগি কিনে ফেরি করেন তিনি। হরতালের জন্য চড়া দামে মালামাল কিনতে ব্যর্থ হয়ে দুষলেন নিজের গরিবিকেই।