‘আমাদের উত্ত্যক্ত করবেন না’
‘আমাদের মতো মা-বোন আপনাদের ঘরেও আছে। আপনাদের কারণে যদি আমাদের উত্ত্যক্ত হতে হয়, যন্ত্রণায় পড়তে হয়, তাহলে আপনাদের বোনেরাও একদিন কারও না কারও হাতে এর শিকার হবেন। তখন আপনাদেরও খারাপ লাগবে। দোহাই এখন থেকে আপনারা আর আমাদের উত্ত্যক্ত করবেন না। আমাদের নিরাপদে চলতে দিন, ভালোভাবে পড়ালেখার সুযোগ দিন।’ মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের ঝাউতলায় প্রধান সড়কের তিন চক্কর চত্বরে এক পথসভায় উপস্থিত তরুণদের উদ্দেশ করে এসব কথা বলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তানজিনা আকতার। এ সময় বেশ কিছু তরুণ তার কথায় সাড়া দিয়ে শপথ করেন, ‘আজ থেকে কোনো বোনকে উত্ত্যক্ত করব না। আর যারা করবে তাদের প্রতিরোধ করব।’বেলা ১১টা থেকে কক্সবাজার মডেল থানার পুলিশ ইভ টিজিং প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারাভিযান শুরু করে। ঝাউতলার তিন চক্কর চত্বর, গোলদীঘির পাড়, বার্মিজ মার্কেট ও পৌরসভা ভবনের সম্মুখে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এম সালাহ উদ্দিন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রমুখ।ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, ইভ টিজিং বন্ধে প্রচারাভিযান চালানোর পাশাপাশি বখাটের তালিকাও তৈরি হচ্ছে। বখাটেদের তথ্য জানাতে ছাত্রীদের কাছে পুলিশের মোবাইল নম্বর সরবরাহ করা হচ্ছে। মডেল থানার ওসি বলেন, ইভ টিজিং বন্ধে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে সাদা পোশাকে পুলিশের উপস্থিতি ও প্রধান সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।