'আমাদের কথা কি কেউ ভাবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতা না থাকায় বেইলি রোডে দোকানের কর্মচারীরা রাস্তায় ক্রিকেট খেলায় ব্যস্ত।
ক্রেতা না থাকায় বেইলি রোডে দোকানের কর্মচারীরা রাস্তায় ক্রিকেট খেলায় ব্যস্ত।

‘অনেক আশঙ্কা, আতঙ্ক নিয়ে এসেছি। এমন পরিস্থিতিতে অন্যান্য দিনের তুলনায় খরচ হয় তিনগুণ। আমাদের কথা কি কেউ ভাবে?’
নিজের দুরবস্থার কথা এভাবে প্রকাশ করেন সরকারি কর্মকর্তা রাজীব আহমেদ। রাজধানীর কাকরাইলের এক সড়কে আজ দুপুরের দিকে তাঁর সঙ্গে দেখা। পাশেই তাঁর কর্মস্থল। শনির আখড়া থেকে প্রতিদিন অফিসে আসেন তিনি।
১৮-দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রাজীবের মতো এমন অনেকেই দুরু দুরু মনে রাজধানীর কর্মস্থলে কাজ করতে আসেন। তাঁরা জানান, হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে অত্যন্ত অসহায় বোধ করেন।
শুধু কর্মজীবী মানুষই নন, এমন পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরাও উদ্বেগের মধ্যে কাটান। চলমান প্রাথমিক শিক্ষা সমাপনীতে আজ কোনো পরীক্ষা ছিল না। কাল বুধবার বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা। এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে পরীক্ষার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক সালমা সুলতানা সন্তানের পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বলেন, ‘রাজনীতিবিদেরা কোমলমতি শিশুদের কথা ভাবেন না। ভাবলে এই সময়ে অবরোধের কর্মসূচি দিতেন না।’

ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর অভিভাবক সাঈদ ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষতির দায় বিএনপি নেবে না বলে দলটির এক নেতা গতকাল মন্তব্য করেছেন। তাঁদের দাবি, সরকারের কারণেই তাঁরা এটা করতে বাধ্য হচ্ছেন।’ এই অভিভাবকের প্রশ্ন, ‘আমাদের সন্তানদের এই অনিশ্চিত অবস্থার দায় আসলে কে নেবে? এর দায় কী আমাদের?’

এদিকে বেশির ভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। একজন অভিভাবক বেশ ক্ষোভের সঙ্গে বলেন, ‘অবরোধ কর্মসূচি আর হরতালের চাপে আমরা, আমাদের সন্তানেরা পিষ্ট হচ্ছি। অবরোধের সময় কী কী অবরোধের আওতায় থাকবে, আর বাইরে থাকবে, সেটাও আন্দোলনকারীরা জানাননি। আমরা বাধ্য হয়ে সকালে স্কুলে গিয়ে নোটিশ দেখে ফেরত এসেছি। হরতালে স্কুল চলবে না—এটা আগে থেকেই জানা ছিল। অবরোধের বিষয়ে গতকাল রাতে স্কুলে ফোন দিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।’

রাজধানীর বেশির ভাগ বিপণিকেন্দ্রে দোকানপাট আজ খোলা। তবে ক্রেতা খুব কম। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের উল্টোদিকে গাজী ভবনের কয়েকজন দোকানি বলেন, ব্যবসা-বাণিজ্যের অবস্থা এমনিতেই খারাপ, তার ওপর অবরোধ-হরতালে মাসের অর্ধেকেরও বেশি সময় দোকান বন্ধ থাকে। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের লোকসান দিয়ে পথে বসতে হবে।

বেইলি রোডে গিয়ে দেখা গেল, ক্রেতা না থাকায় দোকানের কর্মচারীরা রাস্তায় ক্রিকেট খেলায় ব্যস্ত।

রাজধানীতে যান চলাচল নেহাত কম নয়। দূরপাল্লার যানবাহন তেমন ছেড়ে যায়নি বলে জানিয়েছে পরিবহন কোম্পানির সূত্রগুলো। রেলওয়ের কয়েকটি ট্রেন ছেড়ে গেলেও সময়সূচি নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে বলে জানিয়েছে সদরঘাট নৌবন্দর কর্তৃপক্ষ।