'আমাদের কষ্ট দেখে কুত্তাও কান্দে...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুরে বন্যার পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। নিরুপায় পরিবারটি আশ্রয় নিয়েছে রাস্তার ওপর। সেখানেই চলছে রান্না-খাওয়া। ছবিটি আজ দুপুরে চিনাডুলী ইউনিয়ন থেকে তোলা। ছবি: প্রথম আলো
জামালপুরের ইসলামপুরে বন্যার পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। নিরুপায় পরিবারটি আশ্রয় নিয়েছে রাস্তার ওপর। সেখানেই চলছে রান্না-খাওয়া। ছবিটি আজ দুপুরে চিনাডুলী ইউনিয়ন থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঘরে প্রায় কোমরসমান পানি। কেউ কেউ সেখানেই থাকছেন পানি কমার আশায়। অনেকে ঘরবাড়ি ফেলে আশ্রয় নিয়েছেন সেতুর ওপর বা উঁচু কোনো জায়গায়। চারপাশে পানি বয়ে চলার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ইঞ্জিনচালিত নৌকা কাছে ভিড়তেই মানুষগুলো ছুটে আসে। এসেই প্রথম আলোর প্রতিবেদকদের কাছে বলতে থাকেন, ‘আমার নামটা একটু লেখেন। আমার স্বামীর নামটা একটু লেখেন।’

তারপর যখন বুঝতে পারেন, কেউ তাঁদের জন্য ত্রাণ নিয়ে যায়নি, তা শুনে অনেকেই একটু থমকে যান। ইঞ্জিনচালিত নৌকা চলতে শুরু করলে মানুষগুলোর মুখ মলিন হতে থাকে।
গত শনিবার জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া, বলিয়াদহ, আমতলী, ডেবরাইব্যাচ, চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম বামনা, দেওয়ানপাড়া, আজমবাগ, নতুন পাড়া, পাথর্শী ইউনিয়নের বানিয়া বাড়ি এলাকায় নৌকায় ঘুরে এ চিত্রই পাওয়া যায়। বানভাসি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে নারী, শিশু ও পরিবারের প্রবীণ সদস্যরা। যে পরিবারে প্রতিবন্ধী সন্তান আছে, তাদের অবস্থা অবর্ণনীয়।
স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দী। এর মধ্যে সবচেয়ে দুর্গত এলাকা ইসলামপুরেই আছে দুই লাখের বেশি মানুষ।
ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। কোনটি মূল যমুনা নদী, আর কোনটি নদীর পাড় তা বেশির ভাগ ক্ষেত্রেই আর বোঝার উপায় নেই। পাট ও আখগাছের শুধু আগাটুকু ভেসে আছে কোনো কোনো জায়গায়। বিদ্যালয়, মসজিদ, ঘরবাড়ির কোনোটির শুধু টিনের চাল ভেসে আছে। যেসব পরিবারের নিজস্ব নৌকা নেই, তাদের কোথাও যাওয়ার উপায় নেই। টিউবওয়েল ডুবে গেছে। খাবার পানির জন্য হাহাকার। নিজেদের প্রাণ বাঁচানোর পাশাপাশি বাড়ির গরু, ছাগল ও ঘরের কিছু জিনিস যদি বাঁচানো যায়, তার প্রাণান্ত চেষ্টা চলছে। অনেকেই জানালেন, তাঁরা এ পর্যন্ত এক ছটাক চালও সহায়তা পাননি। এলাকায় বিদ্যুৎ নেই। মুঠোফোনে যোগাযোগ বন্ধ। বেশির ভাগ মানুষই জানালেন, ১৯৮৮ সালের বন্যার পর এবারই এ ধরনের ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।
একটি রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা আজেমা। গত কয়েক দিনে ভাত আর আলু ভর্তা ছাড়া তাঁর কপালে আর কিছু জোটেনি।
আমতলী বাজারের আসাদুজ্জামান পলিথিনে করে চিড়া নিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, ‘আমাদের কষ্ট দেখে কুত্তাও কান্দে। খালি ঊর্ধ্বতন কর্মকর্তার দেখা পাওন যায় না।’
কাজলী তাঁর মানসিক প্রতিবন্ধী মেয়েকে (১৫) নিয়ে এক সপ্তাহ ধরে রাস্তায় থাকছেন। পলিথিনের শুধু একটু ছাউনি দিয়েই চলছে মা ও মেয়ের সংসার। রাস্তায় সারাক্ষণ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। মেয়ে সুযোগ পেলেই দৌড় লাগায়। মেয়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করে কি না, সে ভয়ও আছে। তাই মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় বলে জানালেন কাজলী।
আছিয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে পাঁচটি পরিবার বসবাস করছে বলে জানালেন একজন। পরক্ষণেই জানালেন, বিদ্যালয়েও পানি ঢুকে পড়ল বলে।
প্রায় কোমরসমান পানিতে দাঁড়ানো এক বাবা গায়ে জামাকাপড় ছাড়া ছেলেকে দেখিয়ে বললেন, ‘ওকে আপনারা নিলে নিয়ে যান।’
বেলুনি জানালেন, তিন দিন ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চিড়া, মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন। একটি টিউবওয়েল পানির নিচে এখনো তলিয়ে যায়নি বলে খাবার পানির সমস্যা হচ্ছে না আপাতত।

চারদিকে থই থই পানি। ডুবে যাওয়া সড়ক দিয়ে অনুমান করে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। ছবিটি চিনাডুলী ইউনিয়ন থেকে তোলা। ছবি: প্রথম আলো
চারদিকে থই থই পানি। ডুবে যাওয়া সড়ক দিয়ে অনুমান করে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। ছবিটি চিনাডুলী ইউনিয়ন থেকে তোলা। ছবি: প্রথম আলো

জোহরার স্বামী মারা গেছেন। এবারের বন্যায় ঘর পুরোপুরি তলিয়ে গেছে। তিনি জানালেন, রাত ১১টায় বাঁধ ভেঙে যায়। ঘরে পানি ঢুকে। নবম শ্রেণিতে পড়ুয়া ছেলের হাত ধরে বেঁচে এসেছেন। ছেলে কয়েকটি বই শুধু রক্ষা করতে পেরেছে। অর্ধবার্ষিক পরীক্ষায় আর চারটি পরীক্ষা বাকি ছিল। তা আর দেওয়া হলো না ছেলের।
দেওয়ানপাড়ার ভূতের সড়কে কথা হয় মর্জিনার সঙ্গে। তিন বছর ও ১০ মাস বয়সী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। জানালেন, ১০ মাস বয়সী মেয়েকে শুধু বুকের দুধ খাওয়াচ্ছেন।
বিভিন্ন এলাকার বলতে গেলে সব মাছের ঘের ভেসে গেছে। ঘেরের জায়গায় জাল পেতে মাছ ধরছেন অনেকে। কেউ কেউ ভিজে যাওয়া মরিচ রাস্তায় শুকাচ্ছিলেন।
একটি বড় নৌকার মালিক হাসেন মণ্ডল আট দিন ধরে নৌকায় থাকছেন। তাঁর চার মণ মরিচ, ২০ মণ ধান ভেসে গেছে পানিতে। শ্রমিকের পেছনেই ১৮ হাজার টাকা ব্যয় করে পাট চাষ করেছিলেন। ওই পাট কেটে পানিতে জাগ (ভিজিয়ে) দিয়ে রেখেছিলেন, তা কোথায় ভেসে গেছে কে জানে!
চিনাডুলী ইউনিয়নে ২২ হাজার ভোটার। ১০ কেজি করে চাল দেওয়ার জন্য ৮০০ স্লিপ দেওয়া হয়েছে। যাঁরা পাননি, তাঁরা একটি স্লিপ পেতে মরিয়া হয়ে পড়েছেন।
এ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নাফিকুল ইসলাম জানালেন, ইউনিয়নটি অনেক বড়। ত্রাণ খুব কম আসছে। টয়লেট, খাবার পানি এবং গবাদিপশুর খাবারের তীব্র সংকট। এলাকায় এখন পর্যন্ত কোনো মেডিকেল দল আসেনি। মানুষগুলোর হাত, পায়ে ঘা হয়ে গেছে পানিতে থাকতে থাকতে। পানি নেমে গেলে অবস্থার আরও অবনতি হবে।
৯০ বছর পার হওয়া শতভান ভিড় ঠেলে প্রথম আলোর প্রতিবেদকের কাছে তাঁর নামটি লেখার জন্য অনুরোধ জানালেন। এতে করে যদি কেউ তাঁকে সহায়তা করতে এগিয়ে আসে—সে আশায়।
৩ নম্বর চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম জানালেন, তিনি নিজেই পানিবন্দী। চালের পাশাপাশি শুকনো খাবার ত্রাণ হিসেবে দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী জানালেন, এখানকার চার লাখ মানুষের মধ্যে দুই লাখের বেশি মানুষ পানিবন্দী। এর মধ্যেই ৭০ বছর বয়স্ক একজনসহ ছয়জন শিশু পানিতে পড়ে মারা গেছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় ৬০০ মেট্রিক টন চাল, ৬ হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এর মধ্যে খোলা হয়েছে ২০টি আশ্রয়কেন্দ্র।