‘আমাদের গেছে যে দিন একেবারেই কি...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুমিল্লা জিলা স্কুলে পড়া অবস্থায় ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত হই। আমার জীবনের একটা বিশেষ অধ্যায়ই হলো ছাত্র ইউনিয়নের রাজনীতি। সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ওই সংগঠন আমাকে দিয়েছে। সংগঠনটির একজন সহযোদ্ধা হিসেবে এখনো গর্ববোধ করি।’ কুমিল্লায় ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন একমাত্র জীবিত সদস্য বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এভাবেই তাঁর স্মৃতিচারণা করলেন।কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক। ১৯৬৮ সালে ছাত্র ইউনিয়ন থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। ছিলেন সংগঠনের জেলা সভাপতিও। একাত্তরে সম্মুখযুদ্ধে লড়াই করা অকুতোভয় ওই গেরিলা বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি। কিন্তু মন থেকে বিপ্লবের দীক্ষা মুছে যায়নি। ছাত্র ইউনিয়নই আমাকে তৈরি করেছে। যে কারণে প্রাণের টানে এখানে ছুটে এসেছি।’শুধু বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ও ওমর ফারুক নন, গতকাল শুক্রবার ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির সাবেক ও বর্তমান ৬০০ নেতা-কর্মী দিনভর স্মৃতিচারণায় মেতে ওঠেন। সাবেকদের আবেগ, নতুনদের উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। এ মিলনমেলায় সংগঠনের ষাট ও সত্তরের দশকের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর পায়রা ও বেলুন উড়িয়ে ‘গৌরবের ৬০ বছর’ পূর্তি উৎসবের উদ্বোধন করেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। পরে টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এরপর উৎসবের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য শ্রমজীবী মানুষের নেতা জসিম উদ্দিন মণ্ডল, উৎসবের আহ্বায়ক হুমায়ুন কবীর মজুমদার, সদস্যসচিব কিংকর চন্দ, সাবেক নেতা আমিরুল ইসলাম জন্টু, আবু তালেব, শহীদুল্লাহ, ফেরদৌস হোসেন ভূঁইয়া, সফিকুর রহমান, নাছিরুল ইসলাম চৌধুরী, মুশতাক আহমেদ হেলাল, গোলাম ফারুক, আবু আয়ুব হামিদ, মফিজ উদ্দিন আহমেদ, তপন সেনগুপ্ত, শেখ আবদুল মান্নান, আবদুল্লাহ আল কাফি ও আবদুল মালেক চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলী হোসেন চৌধুরী। বিকেলে সংগঠনের ২৯৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা সংগীত পরিবেশন করেন। ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সেলিনা রহমান ওপেল, শামসুন্নাহান হুদা ও দিলরুবা সুলতানা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘পুরোনো সেই দিনের কথা বলতে, শুনতে ও দেখতে মিলনমেলায় হাজির হয়েছি। দীর্ঘদিন পর সতীর্থ সহযোদ্ধাদের কাছে পেয়ে মন ভরে গেছে। মিলনমেলা দেখে মনে হলো, আমরা হারিয়ে যাইনি। যেন একেকটি প্রাণ নবরূপে জেগে উঠেছে বিপ্লবের বহ্নিশিখা হয়ে।’