'আমাদের ঘুমানোর স্থায়ী জায়গা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা মানুষের নোংরা পরিষ্কার করি, পরিবেশ সুন্দর রাখি। কিন্তু আমরা নিজেরাই নোংরা পরিবেশে বাস করছি। আমাদের ঘুমানোর স্থায়ী জায়গা নেই। অথচ ভোটের সময় আমাদের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়।’
গতকাল রোববার দলিত জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের দড়িনারিচা হরিজন কলোনির সদস্যরা এসব কথা তুলে ধরেন। বেসরকারি সংস্থা ফেয়ার এ সভার আয়োজন করে।
দড়িনারিচা কলোনিতে অনুষ্ঠিত এ সভায় সেবাদান প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দলিত জনগোষ্ঠী অংশগ্রহণ করে। এতে হরিজন সম্প্রদায়ের নেতা রাজকুমার বাঁশফোর সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন হরিজন নেতা পান্না লাল বাঁশফোর। ধারণাপত্র পাঠ করেন ফেয়ারের সহকারী প্রকল্প কর্মকর্তা হাফিজুর রহমান। সভায় ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল কাদের, মহিলা-বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদ, কাউন্সিলর সাঈদ শিমুল, হরিজন অ্যাডভোকেসি গ্রুপের দলনেতা মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় হরিজন নেতা রাজকুমার বলেন, ‘জন্মের পর থেকে আমরা সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধাবঞ্চিত হয়ে আসছি। ৯৬ হাজার টাকা ব্যয়ে ঈশ্বরদী পৌরসভা থেকে আমাদের জন্য একটি পায়খানা নির্মাণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। একটিমাত্র পায়খানায় একজন প্রবেশ করলে বাকিদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।’
পান্না লাল বাঁশফোর বলেন, ‘আমরা হরিজন, আমাদের কোনো জমিজমা নেই। উপবৃত্তি, ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সব সুবিধা থেকেই আমরা বঞ্চিত হচ্ছি।’
হরিজনদের এসব অভিযোগের জবাবে সেবাদান প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁদের অধিকার বাস্তবায়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।