‘আমাদের ছেলেকে ফিরিয়ে দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বাসিন্দা ও ধানমন্ডির ভূঁইয়া একাডেমির ছাত্র মাহমুদুল হাসান চার মাস ধরে নিখোঁজ। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে। তাঁরা মাহমুদুলকে অপহরণের কথা স্বীকারও করেছেন। কিন্তু এখন পর্যন্ত মাহমুদুলের কোনো খোঁজ মেলেনি।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন মাহমুদুলের স্বজনেরা। অশ্রুসিক্ত নয়নে তার বাবা রফিকুল ইসলাম ও মা সুফিয়া বেগম সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, ‘আপনারাই আমাদের ছেলেকে ফিরিয়ে দিতে পারেন। তাকে খোঁজার ব্যবস্থা নিন। আমাদের ছেলেকে ফিরিয়ে দিন।’সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদুলের বাবা রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ৭ জুলাই গাজীপুরের জয়দেবপুর উপজেলার ওঝাড়পাড়ার বাসা থেকে ধানমন্ডির ভূঁইয়া একাডেমির উদ্দেশে রওনা দেয় মাহমুদুল। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে সে তার মাকে ফোন করে বাসায় ফিরছে বলে জানায়। কিন্তু সে আর ফেরেনি। পরে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি। রফিকুল বলেন, এ ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জয়দেবপুর থানায় মামলাও হয়েছে। লিখিতভাবে র‌্যাবকেও জানানো হয়েছে। জয়দেবপুর থানায় মামলার পর পুলিশ নূরুন্নবী ও নজরুল নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা স্বীকার করেছেন, দুই লাখ টাকার বিনিময়ে মাহমুদুলকে টাঙ্গাইল নিয়ে অপহরণকারীদের হাতে তুলে দিয়েছেন।নূরুন্নবী ও নজরুলের ব্যাপারে জানতে চাইলে রফিকুল বলেন, ‘আমি বনানীর একটি ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা। নূরুন্নবী ওই কোম্পানির গাড়িচালক। আর নজরুল একজন বাসচালক। নিখোঁজের কয়েক দিন পর একটি মুঠোফোন থেকে অজানা এক লোক আমার কাছে মাহমুদুলের মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করেন। আমি আমার ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার শর্তে রাজিও হই। পরে ওই মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।’ রফিকুল বলেন, বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই মুঠোফোনের সূত্র ধরে নজরুলকে গ্রেপ্তার করে। অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে নূরুন্নবীকে গ্রেপ্তার করা হয়। নজরুল ও নূরুন্নবী পূর্বপরিচিত। এ ঘটনার তদন্তে তাঁদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। বর্তমানে গাজীপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার তদন্ত করলেও এখন পর্যন্ত মাহমুদুলের খোঁজ মেলেনি। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা অপহরণের কথা স্বীকার করলেও মাহমুদুলের অবস্থানের সঠিক তথ্য দিচ্ছে না। তার পরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’