‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে’
‘পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইলিয়াস আলী নিখোঁজ। তাঁর খোঁজ দিতে ব্যর্থ হচ্ছে সরকার। আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দ্রুত নেতাকে (ইলিয়াস) ফিরিয়ে দিন। নইলে বাধ্য করা হবে তাঁকে ফিরিয়ে দিতে।’ গতকাল শনিবার দুপুরে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হন। তখন থেকে ইলিয়াসের সন্ধানের দাবিতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধারাবাহিক আন্দোলন করে আসছেন। ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’ স্লোগানের ব্যানার নিয়ে গতকাল এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ করে। পরে সমাবেশে বক্তারা দাবি করেন, দেশ ও দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে সীমান্তে ভারতীয় আগ্রাসন ও টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাঁকে ফিরিয়ে না দিতে পারলে সরকারকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে টিলাগড় মোড়ে এমসি কলেজ শাখা ছাত্রদল নেতা আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী, চৌধুরী মোহাম্মদ সোহেল, তারেক আহমদ প্রমুখ বক্তব্য দেন। একই দাবিতে গতকাল দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম যুব পরিষদ’।