
‘এ কেমন রাজনীতি! আপনারা সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন, আমাদের সঙ্গে কেন? আমাদের পুড়িয়ে মারবেন না। আগুনে পোড়া যে কত কষ্ট...,মৃত্যু যে কী...!’
কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ মোশাররফ হোসেন। তিনি একটি দোকানের বিক্রয়কর্মী। এ ঘটনায় পুড়ে মারা গেছেন তাঁর স্ত্রী ও মেয়ে। ছেলেটাও পুড়েছে।
গত প্রায় দেড় মাসে অবরোধ-হরতালে পেট্রলবোমা হামলায় যাঁরা দগ্ধ হয়েছেন এবং যাঁরা পুড়ে মারা গেছেন, তাঁদের স্বজনদের নিয়ে গতকাল মঙ্গলবার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে আওয়ামী লীগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিদেশি কূটনীতিকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দগ্ধ মানুষসহ উপস্থিত সবার কান্নায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান নুরুজ্জামান পপলু ও তাঁর মেয়ে মাইশা। মাইশার মা মাফরুহা বেগম স্বামী ও মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর আহাজারিতে গোটা মিলনায়তন নিস্তব্ধ হয়ে পড়ে। তিনি নিহত ব্যক্তিদের শহীদের মর্যাদা দাবি করে বলেন, ‘আমার স্বামী ধার্মিক ছিলেন। মৃত্যুর সময়ও তাঁর সঙ্গে তসবিহ ছিল। এবার তাঁর হজে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর সে আশা পূরণ হয়নি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে দাঁড়িয়েই বাকরুদ্ধ কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, যাদের ভেতর এতটুকু মানবিকতা আছে, যে রক্তমাংসের মানুষ, তারা এটা সহ্য করতে পারবে না। তিনি একের পর এক পেট্রলবোমা, আগুন আর হাতবোমায় সাধারণ মানুষ হতাহতের ঘটনায় প্রশ্ন রেখে বলেন, অবরোধ আহ্বানকারী খালেদা জিয়ার হৃদয়ে কি কোনো বেদনার সৃষ্টি হয় না?
‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস —লুণ্ঠিত মানবতা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ। মঞ্চের দুই পাশে নিহত ব্যক্তিদের স্বজন এবং অগ্নিদগ্ধ মিলিয়ে ১৮-২০ জনের বসার ব্যবস্থা করা হয়।
আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন। সূচনা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উপস্থাপক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নিহত ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তিদের বক্তব্য বিদেশি কূটনীতিকদের ইংরেজিতে অনুবাদ করে শোনান।
অনুষ্ঠানস্থলে পৌঁছেই প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ ব্যক্তিদের ওপর আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনার আগে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখেন। তিনি মঞ্চে উঠেই আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। আবার বক্তব্য শেষে আবারও তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। এক সপ্তাহ আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিদেশি কূটনীতিকদের মধ্যে রাশিয়া, ভারত, ফিলিস্তিন, আফগানিস্তান, উত্তর কোরিয়া, ভুটান ও লিবিয়ার রাষ্ট্রদূত, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার, ভ্যাটিকান সিটি, চীন ও ওমানের উপরাষ্ট্রদূত, মালদ্বীপ, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও পাকিস্তানের কনস্যুলার এবং ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আহাজারি: যাত্রাবাড়ীর ঘটনায় নিহত একজনের স্ত্রী চম্পা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। আমার সব শেষ। আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নেই।’
দায়িত্ব পালনকালে হাতবোমায় গুরুতর আহত সার্জেন্ট গোলাম মাওলার মাথায় ব্যান্ডেজ বাঁধা। কাতরাতে কাতরাতে তিনি জানান, জয় বাংলা স্লোগান দিতে দিতে একদল লোক তাঁর কাছে আসে। তিনি প্রথম ভেবেছিলেন, ওরা হরতালবিরোধী। কিন্তু তাঁর ধারণাকে মিথ্যা প্রমাণ করে ওই লোকজন উপর্যুপরি বোমা মারতে থাকে। তিনি বলেন, ‘আমি মাটিতে লুটিয়ে পড়ি। ওরা আমার শরীরের ওপর পাড়াতে থাকে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। মৃত ভেবে তারা আমাকে ফেলে চলে যায়। পথচারীরা আমাকে হাসপাতালে নিয়ে যান।’
১৪ বছরের কিশোর সুমন পেট্রলবোমায় তাঁর বাবা ও ছোট ভাই হারিয়েছে। তার বাবার দুই হাত উড়ে গেছে। অসহায় সুমন ভাঙা ভাঙা গলায় বলে, তার পরিবারে কর্মক্ষম কেউ নেই। সে কীভাবে চলবে? সে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা করে। এ সময় তাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর: রাজনৈতিক কর্মসূচির নামে যারা মানুষ পুড়িয়ে মারছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে বলব, অন্তত বিএনপি নেত্রীকে বলেন, মানুষের লাশের, মানুষ খুনের রাজনীতি যাতে তিনি বন্ধ করেন।’
দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশের বিবেকবান মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি-সন্ত্রাসীর স্থান হবে না। এভাবে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘২০০১ সালের পরও আমরা তাদের হত্যা-নির্যাতন দেখেছি। কিন্তু আমরা প্রতিশোধের চিন্তাও করিনি। দেশের জন্য কাজ করছি।’
শেখ হাসিনা বলেন, এটা সম্পূর্ণ সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। সাধারণ মানুষের কী অপরাধ? মানুষকে পুড়িয়ে কী অর্জন হয়েছে তাদের? মানুষের জন্যই রাজনীতি। আর মানুষকে হত্যা করা হলে কাদের জন্য রাজনীতি?
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) ছেলে মারা গেল। দেখতে গেলাম। মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হলো। দুই-তিন ঘণ্টা আগেই খবর দিয়েছিলাম। যেতে না দিলে আগেই না করে দিত!’ এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোনো মায়ের কান্না কি তাঁর বুকে বাজে না? একটুও মন কাঁদে না। উপস্থিত অগ্নিদগ্ধ ব্যক্তিদের দেখিয়ে তিনি বলেন, এঁরা তো কোনো রাজনীতির সঙ্গে নেই। এই নিরীহ মানুষের ওপর কেন হামলা?
বিএনপি-জামায়াত জোটের সঙ্গে সংলাপের আহ্বানকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটা অনুরোধ। দয়া করে আমাকে এক পাড়ে ফেলবেন না। এটা আমার জন্য সব থেকে কষ্টের। আমাকেও তো হত্যার চেষ্টা করেছিল।’ বলতে বলতে তিনি কেঁদে ফেলেন।
সূচনা বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারা পৃথিবীতেই জঙ্গি ও সন্ত্রাসী হামলা চলছে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপে নেই। ওই জঙ্গি-সন্ত্রাসীদের সহযোগীরাই এখানে তাণ্ডব চালাচ্ছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।