নারী নির্যাতনের অভিশাপ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের প্রচলিত ধ্যান-ধারণা পাল্টাতে হবে। নারীশিক্ষা বৃদ্ধিসহ সমাজের সব মানুষকে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শনিবার খুলনা বিভাগীয় প্রজন্ম সংলাপে এসব কথা বলেন সচেতন নাগরিক কমিটি খুলনার সভাপতি শিক্ষাবিদ জাফর ইমাম। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে মহানগরের খালিশপুরে নৌবাহিনী মিলনায়তনে ‘নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ, সংসার নারীবান্ধব রাখুন’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে মহিলাবিষয়ক অধিদপ্তর। বেলা ১১টা থেকে সাড়ে তিন ঘণ্টার এই অনুষ্ঠান নারী-পুরুষের অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। সংলাপের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল জলিল। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, নারী নির্যাতন আজ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বাংলাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে নারী নির্যাতন। এতে নারীর অর্থনৈতিক ও সামাজিক গতিই শুধু বাধাপ্রাপ্ত হচ্ছে না, সমাজকাঠামোও ভারসাম্যহীন হয়ে উঠেছে। এর কারণ খুঁজতে এই প্রজন্ম সংলাপ। সংলাপ শেষে বেলা আড়াইটায় বিভাগীয় কমিশনার নারী নির্যাতন বন্ধ করতে উদ্যোগী হওয়া এবং সব ধরনের সহিংসতা রোধ করতে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অঙ্গীকার করান। সংলাপে মুখ্য আলোচক ছিলেন, নর্দান বিশ্ববিদ্যালয়, খুলনা ক্যাম্পাস ইনচার্জ আনোয়ারুল করিম। তিনি বলেন, নারীদের শিক্ষিত করে গড়ে তুলে তাদের স্বাবলম্বী করতে হবে। তবেই সমাজে নারী নির্যাতন হ্রাস পাবে। সংলাপে প্যানেল আলোচক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, খুলনার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অলোকা নন্দা দাস বলেন, দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন রয়েছে। নির্যাতনের শিকার নারী নিজে মামলা করতে পারেন এবং মানবাধিকার সংস্থাগুলোও এ মামলা করতে পারে। তবে এ জন্য প্রয়োজন নারীর শিক্ষা ও সচেতনতা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় দৈনিক ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান পারভীন নাসিমা আক্তার, খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষক শেখ আফজালুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন খুলনার উপপরিচালক মোহাম্মদ আবদুল হক, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন নাহার, নিশাত জাহান, জান্নাতুল ফেরদৌস, আসমা উল হুসনা, আবু তাহের, রবিউল হাসান ও সামরান রহমান।