‘মিয়ানমারের সৈন্যরা মংডুতে রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। মেয়েদের ধর্ষণ করছে। পুরুষদের ব্যারাকে ধরে নিয়ে গলা কেটে হত্যা করছে। আমরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছি। আমাদের ফেরত দিয়ো না। ফেরত পাঠালে মিয়ানমারের সৈন্যরা আমাদের হত্যা করবে।’
গতকাল বুধবার বেলা ১১টায় কক্সবাজারের উখিয়া থানাহাজতে প্রথম আলোকে কথাগুলো বলেন মিয়ানমারের রোহিঙ্গা গৃহবধূ গোল চম্পা (৪৫)। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরের খোরাখালী গ্রামে। তিন মেয়ে ও চার ছেলেকে নিয়ে গতকাল ভোরে নাফ নদী অতিক্রম করে উখিয়া উপজেলার থাইংখালী পাহাড়ে আশ্রয় নেন। এরপর পুলিশ তাঁদের ধরে থানায় নিয়ে আসে। থানাহাজতে গোল চম্পাসহ আরও কয়েকজন রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা নির্যাতনের বর্ণনা দেন।
গোল চম্পা তিন মেয়ে নূর ফাতেমা (১৫), রহিমা (১২) ও জান্নাতকে (৮) জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘তোয়ারারে লই আঁই এহন কডে যাইয়ুম। মগসেনারা তুয়ারারে পাইলে মারি ফেলাইব।’
প্রসঙ্গত, রোহিঙ্গারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, অনুপ্রবেশ করে উপজেলার বিভিন্ন স্থানে বহু রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। বুধবার সকালে উপজেলার থাইংখালী পাহাড় ও পাশের থাইংখালীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে শিশু ৩৪টি, নারী ১৫ ও পুরুষ ১৩ জন। তিনি জানান, মিয়ানমারে ফেরত পাঠাতে তাদের বিজিবির হাতে হস্তান্তর করা হবে।
গোল চম্পা বলেন, ‘২১ নভেম্বর রাতে মগরা তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় তাঁর স্বামী গুরা পুতুকে আগুনে ছুড়ে হত্যা করা হয়। পাশের একটি ঘরের এক মেয়েকে ধর্ষণ করেছে তারা। মেয়েদের কথা চিন্তা করে বাংলাদেশে পালিয়ে এসেছি। কিন্তু এখানেও ঠাঁই মিলছে না। পুলিশ ধরে হাজতে আটকে রেখেছে।’
হাজতে বন্দী আরেক রোহিঙ্গা দিল মোহাম্মদ (৩৮) বলেন, মিয়ানমারের ৯০ শতাংশ রোহিঙ্গার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নারী-শিশুদের ওপর চলছে বর্বর অত্যাচার-নির্যাতন। পুরুষদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। ইচ্ছা করে তাঁরা বাংলাদেশে আসেননি। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা ফিরে যাবেন।
আরেক রোহিঙ্গা গৃহবধূ রেহেনা বেগম (২৯) বলেন, ‘সম্মান ও প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে এসেছি। সেখানে থাকার চেয়ে এখানে বিষপানে মৃত্যুও অনেক ভালো হবে।’
উখিয়া থানা থেকে পাঁচ কিলোমিটার দূরে পাহাড় ও জঙ্গলঘেরা কুতুপালং গ্রাম। সেখানে একটি নিবন্ধিত শিবিরে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী ১৯৯১ সাল থেকে বসবাস করছে। এর আশপাশে অস্থায়ী ক্যাম্প বানিয়ে বসবাস করছে আরও ৭০-৮০ হাজার রোহিঙ্গা।
গতকাল দুপুর ১২টায় কুতুপালং অস্থায়ী ক্যাম্পের এ ব্লকে গিয়ে দেখা যায়, নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের একটি দল। রোহিঙ্গারা প্রতিনিধিদলের কাছে ধর্ষণ, হত্যা ও লুটপাটসহ নানা নির্যাতনের কথা বর্ণনা করছে।
এই শিবিরে গত মঙ্গলবার রাতে আশ্রয় নেন মিয়ানমারের মংডু শহরের নাকপুরা গ্রামের নুর বশর (৪৫)। সঙ্গে স্ত্রী দিলদার বেগম ও চার ছেলে। অনুপ্রবেশের কারণ জানতে চাইলে নুর বশর প্রথম আলোকে বলেন, ‘মগরা আমাদের বাড়ি পুড়িয়ে দিয়ে বলেছে দ্রুত বাংলাদেশে পালাতে। নইলে আমাদের পুড়িয়ে মারবে।’
গতকাল সকালে দুই ছেলেসহ ১৪ জন নারী-শিশুকে নিয়ে এই ক্যাম্পে আশ্রয় নেন রোহিঙ্গা জাহেদ হোসেন (৬৫)। মংডু শহরের খোয়াখালী এলাকার এই বাসিন্দা জানান, মাথাপিছু ১ হাজার ৫০০ টাকা নৌকা ভাড়া দিয়ে তাঁরা উখিয়ায় আসেন।
জাহেদের বড় ছেলে নবী হোসেন (৩৫) বলেন, ১৯ নভেম্বর তাঁর মালামাল লুট করে তাঁর দোকানে অগ্নিসংযোগ করা হয়। রাতে পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। প্রতিবাদ করায় তাঁর শ্বশুরকে হত্যা করা হয়েছে। এরপর ভয়ে তাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন।
মানবাধিকার কমিশনের কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি অনুসন্ধান করে জানতে পেরেছেন কুতুপালং ক্যাম্পে নতুন করে প্রায় ছয় হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সবাই উদ্বিগ্ন।