
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যাত্রীদের জন্য নির্ধারিত আসনে অনেকগুলো শিশু। বয়স আট মাস থেকে ১২ দিন পর্যন্ত। বিমানবালা, কেবিন ক্রুদের সব ব্যস্ততা ওদের ঘিরেই। অথচ ১৯৭২ সালের ১৯ জুলাইয়ের আগ পর্যন্ত এ শিশুরাই ছিল অস্পৃশ্য। শিশুরা তো অস্পৃশ্য হয় না! ফ্রেড-বনি কাপুচিনো দম্পতি অন্তত তা-ই মনে করেছিলেন। সে কারণেই এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে।
গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে বনি কাপুচিনো শোনাচ্ছিলেন বিমানবন্দর দখল করে নেওয়া ১৫ শিশুর গল্প। ওদের নাম রাণী, অরুণ, সাবিত্রী, ওমর, রুপিয়া, বাদল, জরিনা, ইমন, প্রদীপ, শিখা, রাজীব, মলি, অনিল, রোজিনা আর সমর। ওরা যুদ্ধশিশু। জন্মের পর আশ্রয় হয়েছিল মাদার তেরেসা হোমে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের ধর্ষণের শিকার হয়েছিলেন ওদের মায়েরা।
‘পৃথিবীর এ অঞ্চলে যে একটা যুদ্ধ হচ্ছিল, সেটা আমরা আগেই শুনতে পাচ্ছিলাম। ১৯৭২-এর শুরুর দিকে আমরা পত্রপত্রিকা মারফত খবর পেলাম, নতুন এই দেশটিতে যুদ্ধশিশুরা খুব কষ্টে আছে। আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। এ সময়ে আসলে অনেক সেবা সংগঠনও ভাবছিল শিশুদের কী করা যায়। একসময়ে আমরা চলেই এলাম।’ একনিঃশ্বাসে বলে যান বনি কাপুচিনো—মুক্তিযুদ্ধ জাদুঘর যাঁকে পরিচয় করিয়ে দিয়েছে, ‘আমাদের বনি মা’ বলে।
কথাবার্তার ফাঁকে বনি ‘মা’ খ্যতি পাওয়ার কারণটা বেরিয়ে এল। তিনি শুধু বাংলাদেশের যুদ্ধশিশু দত্তকই নেননি, তাঁর সহায়তায় চট্টগ্রামে শিশুদের জন্য গড়ে উঠেছে এক অনাথ আশ্রম। ৮০ বছরের বনি কাপুচিনো কমপক্ষে তিনবার বাংলাদেশে আসেন। কাল সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী যখন বনি মা বলে অতিথি-অভ্যাগতদের অভিবাদন জানালেন, তাঁর মুখে তখন দারুণ প্রশান্তি। পরনে গোলাপি রঙের শাড়ি, হাতে চুড়ি, গলায় মালা, নাকে নাকফুল পরা; প্রায় বাঙালি বনি মায়ের মুখে সারাক্ষণই লেগে ছিল হাসি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলছিলেন, ফ্রেড-বনি কাপুচিনো দম্পতির জন্য যুদ্ধশিশুদের কানাডায় নিয়ে যাওয়ার কাজটা খুব সহজ ছিল না। বাংলাদেশে তখনো এ নিয়ে কোনো আইন হয়নি। তবে সরকার ওদের সহযোগিতা করেছিল। ওঁরা যেন কোনো আইনি ঝামেলায় না পড়েন, সে জন্য যতদূর যা করা দরকার, তা-ই করেছিল সরকার। অবশেষে তিন সপ্তাহের চেষ্টায় ওঁরা শিশুদের নিতে পারলেন। ১৫টি শিশুর দায়িত্ব নিল ১৫টি পরিবার। ফ্রেড-বনি নিলেন শিখা নামের একটি মেয়ের দায়িত্ব।
প্রথম যখন মাদার তেরেসা হোমে গেলেন, কী দেখেছিলেন, জানতে চাইলে বনি বলেন, কানাডায় সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের ইনকিউবেটরে রাখা হয়। অক্সিজেন, উত্তাপ—এ সবকিছুর সরবরাহ থাকে ইনকিউবেটরে। বাংলাদেশের যুদ্ধশিশুরা ছিল ড্রয়ারের ভেতর, ওপরে কাচ। নিজস্ব পদ্ধতিতে এই শিশুগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মাদার তেরেসা হোমের কর্মীরা।
জানা গেল, পাকিস্তানি বাহিনীর অত্যাচারে যে নারীরা গর্ভধারণ করেছিলেন, তাঁদের জন্য গর্ভপাতের আইনটিকে শিথিল করা হয়েছিল। তাই মায়ের পেটে সাত-আট মাস থাকার পর জন্ম হয়েছিল যুদ্ধশিশুদের। ওদের শারীরিক অবস্থা ছিল খুবই খারাপ। কেমন আছে ওরা? জানতে চাইলে বনি জানান, তাঁর মেয়ে শিখা খুব ভালো আছে। দুই মেয়ে নিয়ে মহাব্যস্ত। বাকিদের সঙ্গে তেমন একটা যোগাযোগ নেই। সবাই যার যার জীবন উপভোগ করুক, এ মনোভাব থেকেই আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। শিখা আসতে চান না বাংলাদেশে? জানতে চাইলে বনি বলেন, ‘নিশ্চয়ই একদিন আসবে, নিশ্চয়ই।’ আরও বললেন, তাঁদের নিজেদের সন্তান দুটি, ১৯টি শিশু তাঁরা দত্তক নিয়েছেন। এরা সবাই বিভিন্ন দেশে জন্ম নেওয়া যুদ্ধশিশু। সবার তিনি বনি মা।
অনুষ্ঠানে বনি কাপুচিনো যুদ্ধশিশুদের নাগরিকত্ব দিয়ে কানাডা নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক দলিল হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ জাদুঘরকে।