'আমাদের বাঁচার পথ থাকল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদুল মোল্লা
শহিদুল মোল্লা

গতকাল বৃহস্পতিবার সকালে হাসামদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শহিদুলের মা সেলিনা বেগম বিলাপ করে কেঁদে যাচ্ছেন। তাঁর পাশে বসে রয়েছে শহিদুলের ছোট দুই বোন সোমা পারভীন ও রুমা পারভীন।

পরিবারের সদস্যরা বলেন, বুধবার রাতে হাসামদিয়া গোরস্থানে শহিদুলকে দাফন করা হয়েছে। তারপর থেকে বাবা নজরুল মোল্লা একমুহূর্তও বাড়িতে স্থির হয়ে বসে থাকতে পারেননি। উদ্‌ভ্রান্তের মতো তিনি ছুটে বেড়াচ্ছেন। নজরুল দিনমজুরের কাজ করেন। শহিদুল বাবাকে সাহায্য করতে পড়ার ফাঁকে ফাঁকে দিনমজুর হিসেবে কাজ করত। দোচালা টিনের ঘরে এই পরিবারের বসবাস। সঙ্গে পাঠখড়ির বেড়ার রান্নাঘর। এই বসতভিটার জমিও তাঁদের নয়। এলাকার এক ব্যক্তি অসহায় পরিবারকে থাকতে দিয়েছেন মাত্র।

কান্নাজড়িত কণ্ঠে শহিদুলের মা সেলিনা বেগম বলেন, ‘আর আমাদের বাঁচার কোনো পথ থাকল না। শহিদুল বলত, “মা কষ্ট কইরা আমারে একটু পড়াও।” খাইয়া না খাইয়া শহিদুলকে পড়াশোনা করাইছি। আমার সেই শহিদুল আর নাই। আমাদের বাঁচার পথ নাই।’

বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, পরিবারটিকে ১০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।