‘আমাদের মতো আর কেউ যেন শেষ না হয়’
‘এক টান, দুই টান দিতে দিতে নেশা ধরে গেল। আর ছাড়তে পারলাম না। বাপের যা ছিল, সব শেষ। নিজের আপনজনেরাও আর ভালো চোখে দেখে না। মানুষ ঘৃণাভরে তাকায়। হেরোইন আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমরা শেষ। আমাদের মতো আর কেউ যেন শেষ না হয়। আমরা অপরাধ করেছি।’এভাবেই হেরোইনে আসক্ত হওয়ার কাহিনি জানায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাঁচ হেরোইনসেবী। গত সোমবার বিকেলে তাদের সঙ্গে কথা হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। তারা স্বেচ্ছায় এসেছে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করতে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাস্থানগড়কে মাদকমুক্ত করার জন্য এলাকাবাসী একসঙ্গে অভিযানে নেমেছে। এ কমিটির পক্ষ থেকে মাদক নির্মূলে তৎপরতা শুরু হওয়ায় ওই পাঁচ হেরোইনসেবী মহাস্থানগড় গ্রামের রমজান আলীর ছেলে মুকুল সাকিদার (২৮) ও শাহিন মিয়া (২৭), আবুল কালামের ছেলে জুয়েল মণ্ডল (২০), রমজান আলীর ছেলে আবদুর রহিম (২৬) ও মহাস্থানগড় নামাপাড়ার জনাব আলী ফকিরের ছেলে বাছেদ আলী ফকির (৫০) নিজেদের সংশোধনের জন্য রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ফিরোজ আহমেদের পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।